শ্রীলংকাকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি দারুণভাবে সেরে নিল অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জিতল অজিরা। আজ রোববার গলে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে ৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটের বিশাল জয় পায় স্টিভেন স্মিথের দল।

অজিদের জয়ের মঞ্চটা তৃতীয় দিনেই তৈরি হয়ে যায়। লংকানরা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান নিয়ে মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলে তাদের লিড ছিল মাত্র ৫৪ রানের। আজ সকালে আর মাত্র ৬ ওভার টিকে থেকে ২৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তাতে অজিরা পড়ে ৭৫ রানের সহজ টার্গেটের সামনে। সফরকারীরা এক উইকেট হারিয়ে মাত্র ১৭.৪ ওভারে জয় নিশ্চিত করে ফেলে।

১৮৮ বলে ১৫৬ রানের রাজসিক ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন অ্যালেক্স ক্যারি। দুই টেস্টে ২৭২ রান করে সিরিজসেরা হয়েছেন প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া স্টিভেন স্মিথ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের এটাই ছিল শেষ ম্যাচ। এই জয়ে লর্ডস ফাইনালে (১১-১৫ জুন) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে প্রোটিয়াদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে অজিরা। ১২ ম্যাচে ৮ জয়ে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে ৬৭.৫৪ শতাংশ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ২৫৭ ও ২৩১। অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১। ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী। সিরিজ: অস্ট্রেলিয়া ২-০তে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)। প্লেয়ার অব দ্য সিরিজ: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।