মুলতান টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৫৫৬ রান। জবাবে আজ বৃহস্পতিবার চতুর্থ দিন ১৩০ ওভারে ৩ উইকেটে ৬৫৮ রান তুলে চতুর্থ দিন লাঞ্চের বিরতিতে যায় ইংলিশরা। রুট ২৫৯ ও ব্রুক ২১৮ রানে অপরাজিত রয়েছেন। রুট ২০১৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ২৫৪ রানের ইনিংস। আজ সেই পাকিস্তানের বিপক্ষেই নিজের আগের রেকর্ডটা ভাঙলেন।
ইংলিশ গ্রেট স্যার অ্যালিস্টার কুকের ছিল পাঁচটি ডাবল সেঞ্চুরি। দেশের হয়ে কুকের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙার পর এবার ডাবলেও তাকে টপকে গেলেন রুট। ডাবল সেঞ্চুরি করায় ইতিহাসে যুগ্মভাবে সপ্তম স্থানে উঠে গেলেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ওয়ালি হ্যামন্ডই (৭টি) শুধু রুটের চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন।
ডন ব্র্যাডম্যান ১২টি, কুমার সাঙ্গাকারা ১১টি, ব্রায়ান লারা ৯টি, হ্যামন্ড, বিরাট কোহলি ও মাহেলা জয়াবর্ধনে ৭টি করে ডাবল সেঞ্চুরি করেছেন। ৬টি করে ডাবল সেঞ্চুরি আছে রুটসহ আটজনের।










