হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে ১৪২ রানের বড় হারের লজ্জা পায় আফগানিস্তান। সেই একই মাঠে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে ৩০০ রান তোলার কৃতিত্ব দেখাল আফগানরা। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৫১ বলে ১৫১ রানের বীরোচিত এক ইনিংস খেলে দলকে রানের সৌধ গড়ে দেন।


এরপর বিশাল রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ১ উইকেটের নাটকীয়  জয় তুলে নেয় পাকিস্তান। শেষ ১২ বলে ২৭ ও শেষ ৬ বলে ১১ রান তোলার চ্যালেঞ্জে উতরে যায় বাবর আজমের দল। ইমাম-উল-হক ৯১ রান করেন।

 

ওপেনিং জুটিতে ২৪৪ বলে ২২৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১০১ বলে ৮০ রান করেন জাদরান।

 

এদিন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করেন গুরবাজ। ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি ব্যাটার পরের ৫১ রান তুলেছেন মাত্র ২৮ বলের মোকাবেলায়। ইনিংস সাজিয়েছেন ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায়। জাদরান ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কায় সাজান ইনিংসটি। মোহাম্মদ নবি ২৯ বলে ২৯ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ১১ বলে ১৫ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ৫৮ রানে ২টি উইকেট নেন।

 

শনিবার কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের আগে এটিই দুই দলের শেষ সিরিজ। ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে বসবে এবারের আসর।