নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আজ শারজায় আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৮ রান তোলে কিউই নারীরা। মাঝারি টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবীয় নারীরা জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২০ রান তুলতে সমর্থ হয়।

২৯ রানে ৩ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের জয়ের নায়ক অফস্পিনার ইডেন কারসন। এর আগে দলগত প্রচেষ্টায় ১২৮ রানের পুঁজি পায় কিউইরা। ডেন্ড্রা ডট্টিন ২৪ রানে ৪ উইকেট নিলেও দলের হারে বিফলেই যায় তার নৈপুন্য। ব্যাট হাতেও ডট্টিন সর্বোচ্চ ৩৩ রান করেন।

১৪ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১০ সালের আসরে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় কিউই নারীরা। ২০০৯ সালে ইংল্যান্ডের লর্ডস ফাইনালেও তারা হেরেছিল একই দলের কাছে। তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে সোফি ডিভাইনের দলটি। এবার কি শিরোপার হাসি হাসবেন তারা?

অবশ্য এ পথে আরেকটি বড় বাধা তাদের সামনে। রোববার দুবাই ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তাদের মতো দক্ষিণ আফ্রিকাও প্রথম শিরোপার আশায় খেলবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের মধ্যে ছয়বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জিতেছে একবার করে।