অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে গিয়েছিল সফরকারী শ্রীলংকা। যদিও আজ মেলবোর্নে পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল অতিথি দলটি। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৪ রান তোলে অ্যারন ফিঞ্চের দল। জবাবে কুশল মেন্ডিসের হার না মানা ৬৯ রান শ্রীলংকাকে ১ বল বাকি থাকতে জয় এনে দেয়।
টস জিতে ব্যাটিং নেয়া অজিরা ১২ রানের মধ্যেই হারায় ওপেনার ফিঞ্চ ও বেন ম্যাকডারমটকে। এরপর ম্যাথু ওয়েড (২৭ বলে ৪৩), গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ২৩) ও ড্যানিয়েল স্যামসের (১৫ বলে ১৮) ব্যাটে ভর করে ১৫৪ রান সংগ্রহ করতে সমর্থ হয় স্বাগতিকরা। দুশমন্ত চামিরা ও মহিশ থিকসানা দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে সিংহলিজরাও ২৪ রানে দুই উইকেট হারায়। এরপর চারিথ আসালঙ্কা (৯ বলে ২০) ও দাসুন শানাকাকে (৩১ বলে ৩৫) নিয়ে যথাক্রমে ৩০ ও ৮৩ রানের দুটি জুটি গড়ে শ্রীলংকাকে জিতিয়েছেন কুশল মেন্ডিস। ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
৫৮ বলে ৬৯ রান করা মেন্ডিস হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়, আর ১৩৮ রান করার পাশাপাশি এক উইকেট শিকার করা ম্যাক্সওয়েল হয়েছেন সিরিজসেরা খেলোয়াড়।










