এল ক্ল্যাসিকো সব সময়ই ফুটবল অনুরাগীদের কাছে বিশেষ আবেদন তৈরি করে। তা বার্সেলোনার
ন্যু ক্যাম্প, মাদ্রিদের স্যান্টিয়াগো বার্নাব্যু কিংবা ইউরোপ ও অন্য যেখানেই হোক
না কেন। এবার দুই স্প্যানিশ জায়ান্টের লড়াইয়ের মঞ্চ যুক্তরাষ্ট্রের টেক্সাস
রাজ্যের ডালাস শহর। ডালাস কাউবয়েজের হোম ভেন্যু এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আজ
বাংলাদেশ সময় রাত ৩টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের অন্যতম সেরা দুই দল।
ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন-২।
এটা প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ। তবে লড়াইটা যখন রিয়াল-বার্সার, তখন আর এটি
শুধুই প্রীতি ম্যাচ থাকছে না। নতুন মৌসুম শুরুর আগে দুটি দলই নিজেদের মেলে ধরার
চেষ্টা করবে। নতুন মৌসুম শুরুর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগও এটি।
লস ব্লাঙ্কোসরা এই গ্রীষ্মে দুই ম্যাচ খেলে অপরাজিত রয়েছে। করিম বেনজেমার
বিদায়ের পরও দলটির খেলায় গতি কমেনি। বরং তাদের গতিময়, আকর্ষণীয় খেলা সমর্থকদের
নতুন করে আশা জাগিয়েছে। ইংলিশ তারকা জুড বেলিংহাম বরুশিয়া ডর্টমুন্ড থেকে নাম
লেখানোর পর খাপ খাইয়ে নিতে সময় নিলেন না। তিনি প্রাক-মৌসুমে দুরন্ত পারফর্ম করে চলেছেন।
সেসঙ্গে কিলিয়ান এমবাপ্পের যোগ দেয়ার গুজবে সমর্থকরা আরো বেশি উদ্দীপ্ত।
বার্সেলোনার অবস্থা প্রতিপক্ষের চেয়ে খানিকটা ভিন্ন। বার্সার বেশ কয়েকজন
খেলোয়াড় ভাইরাসজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় দলটি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচই খেলতে
পারেনি। এরপর আর্সেনালের বিপক্ষে ম্যাচে তারা পাঁচ গোল হজম করে হেরে বসেছে। এই
পরিস্থিতিতে এখন রিয়ালের মুখোমুখি হবে জাভির দল।
সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে বার্সেলোনা তিনটি ও রিয়াল মাদ্রিদ দুটিতে জিতেছে।










