উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ড ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় রাত ১টায় ডর্টমুন্ডের মাঠে নামছে কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি।

 

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি উচ্চারিত হয় কিলিয়ান এমবাপ্পের নাম। যদিও এই সুপারস্টার এখনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি। ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি ১১ বছর আগে চলে যায় কাতার স্পোর্টস ইনভেন্টমেন্টের নিয়ন্ত্রণে। এরপর থেকে কোটি কোটি ইউরো খরচ করে দল তৈরি করে তারা। এই ক্লাবে এসেছেন ইব্রাহিমোভিচ, নেইমার, লিওনেল মেসি ও বর্তমানে খেলছেন এমবাপ্পে। যদিও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা কিছুতেই ধরা দিচ্ছে না প্যারিসিয়ানদের হাতে।

 

আরেকটি মিশনে নেমেছে পিএসজি। তারা পৌঁছে গেছে শেষ চারে, যেখানে বাধা এখন বরুশিয়া ডর্টমুন্ড। আজ প্রথম লেগ ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে।

 

২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে পিএসজি। পর্তুগালের লিসবনে সেই ফাইনালে ফরাসি খেলোয়াড় কিংসলে কোমানের একমাত্র গোল শিরোপা এনে দেয় জার্মানদের, হৃদয় ভাঙে প্যারিসিয়ানদের। আরেকবার তাদের সামনে জার্মান বাধা। যদিও এবার সেমিফাইনালে।

 

এটা হতে পারে পিএসজির হয়ে এমবাপ্পের শেষ মিশন। এই মৌসুম শেষে তিনি বিদায় নেবেন বলে জোর গুঞ্জন রয়েছে। তাই তিনিও প্রাণান্ত চেষ্টা করবেন পিএসজিকে শিরোপা এনে দিতে।

 

গত ২৮ এপ্রিল লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। লিওঁর কাছে মোনাকো ২-৩ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির। এটা তাদের ১২তম লিগ শিরোপা ও সর্বশেষ ১১ মৌসুমের মধ্যে দশম লিগ শিরোপা!

 

লিগের এই ফর্ম এবার ইউরোপেও টেনে নিতে পারলেই স্বপ্নপূরণ হতে পারে পিএসজির। কোয়ার্টার ফাইনালে তারা স্প্যানিশ দল বার্সাকে হারিয়ে এসেছে।

 

পিএসজিকে নিয়ে বরুশিয়া কোচ এডিন তারজিক বলেন, ‘পিএসজির এই প্রজেক্ট শুরুই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়। গত এক দশকে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। হয়তো এই লড়াইয়ে আমরা অনেক কম অভিজ্ঞ দল, তবে আমাদেরও জয়ের ক্ষুধা কম নয়।’

 

পিএসজি কোচ লুই এনরিকে বলেন, ‘ইউরোপের অনন্য এই মাঠে আমরা খেলাটি উপভোগ করতে চাই। ফাইনালে উঠে আমরা সমর্থকদের আনন্দের খোরাপ এনে দিতে চাই।’