কয়েক বছর ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্যাটিং অর্ডারের মূল শক্তি ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ দুজনকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান। দুই তারকাকে ছাড়া গড়া দলটি আজ নিউজিল্যান্ডের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৭টায়।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তান দলে বড় পরিবর্তন এসেছে। যদিও এটি ভিন্ন ফরম্যাট। টপ অর্ডারের জন্য মারমুখী ব্যাটিং করা মোহাম্মদ হারিস, ওমায়ের ইউসুফ ও হাসান নওয়াজকে দলভুক্ত করেছে পাকিস্তান। পাকিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সালমান আগা বলেছেন, তার এ দলটির মধ্যে আকাঙ্ক্ষার উন্নতি করা, ভয়ডরহীন ক্রিকেট খেলা ও উচ্চ ঝুঁকি নেয়ার মানসিকতা তৈরি করতে হবে এবং স্কোয়াডে জায়গা করে নেয়া খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে সেই মানসিকতা এরই মধ্যে দেখাতে সমর্থ হয়েছেন।

নতুনদের নিয়ে গড়া পাকিস্তানকে শক্তিশালী নিউজিল্যান্ড দলের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে নিউজিল্যান্ড দলে নেই বেশ কিছু তারকা। এরপরও তাদের দলটি যথেষ্ট শক্তিশালী। উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, কাইল জেমিসন, ইস সোধি, জ্যাকব ডাফিরা কঠিন পরীক্ষাই নেবেন পাকিস্তানিদের। ব্যাটিংয়ে মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, টিম রবিনসন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল আর জেমস নিশাম রয়েছেন।