মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৯৭ রানের টার্গেট দিল পাকিস্তান। এই টার্গেট তাড়া করতে নেমে সাজিদ খানের আঘাতে প্রথম ওভারেই বেন ডাকেটকে হারায় সফরকারীরা। এরপর বিদায় নেন জ্যাক ক্রলেও। তাকে শিকারে পরিণত করেন নোমান আলী। এ প্রতিবেদন লেখার সময় ইংলিশদের সংগ্রহ ছিল ১১/২।

আজ বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডকে ২৯১ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর সালমান আগার ফিফটিতে ভর করে কোনোমতে দুশ পেরোয় দলটি। তারা ২২১ রানে অলআউট হলে ইংল্যান্ড পড়ে ২৯৭ রানের টার্গেটের সামনে।

এর আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩৬৬ রান এনে দেন কামরান গুলাম। তিনি করেন ১১৮ রান। সাইম আইয়ুব করেন ৭৭ রান। এরপর ঘূর্ণি বলে সফলতা পায় পাকিস্তান। সাজিদ খান ৭টি ও নোমান আলী ৩টি উইকেট শিকার করে ইংল্যান্ডকে ২৯১ রানে অলআউট করেন।

এই মাঠে প্রথম টেস্টে লজ্জাজ্জনকভাবে হেরে ইতিহাস গড়ে পাকিস্তান। প্রথম ইনিংসে পাঁচশোর্ধ্ব সংগ্রহ গড়েও পরাজিত প্রথম দলটির নাম পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।