এবারের টি২০ বিশ্বকাপ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে তা সুপার টুয়েলভ পর্বের লড়াই বলে দিচ্ছে। গ্রুপ-১-এর দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ হয়েছে শেষ রাউন্ডে এসে। গ্রুপ-২-এর সমীকরণ আরো জটিল। এ গ্রুপে আজ শেষ দিন দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে। সেমিফাইনালে ওঠার রেসে ফেভারিট ভারত ও দক্ষিণ আফ্রিকা, তবে আশা বেঁচে আছে বাংলাদেশ ও পাকিস্তানেরও।

গ্রুপ-২তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত (০.৭৩০), সমান ম্যাচে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার (১.৪৪১) সংগ্রহ ৫ পয়েন্ট। বাংলাদেশ (-১.২৭৬) ও পাকিস্তানের (১.১১৭) সমান ৪ পয়েন্ট। জিম্বাবুয়ে (৩) ও নেদারল্যান্ডস (২) ছিটকে গেছে আসর থেকে।

অ্যাডিলেডে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি জিতলে সরাসরি সেমিফাইনালে উঠে যাবে প্রোটিয়ারা। আর তেম্বা বাভুমার দল যদি অঘটনের শিকার হয়ে হেরে যায়, সেক্ষেত্রে আশা বেঁচে থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের। আবার ভারত হারলে এরপর পাকিস্তান নিজেদের ম্যাচে জিতে সেমির টিকিট পেতে পারে। সেক্ষেত্রে আজ সকাল ১০টায় অ্যাডিলেডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে উঠবে ‘নকআউট’, এই ম্যাচের বিজয়ী যাবে সেমিফাইনালে। আজ মেলবোর্নে বেলা ২টায় ভারত শেষ ম্যাচে খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ভারত জিতলে সরাসরি উঠবে সেমিফাইনালে।

আগের রাউন্ডেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তানের আশা বেঁচে থাকে, আর ভারতের কাছে পাঁচ রানে হেরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্য এখন তাদের নিজেদেরই হাতে। সেমিফাইনালে যেতে জিততেই হবে। আবার জিতেও নিশ্চিত নয়! কেননা ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজ নিজ ম্যাচ জিতলে চলে যাবে শেষ চারে। এমন অনিশ্চয়তা নিয়েই অ্যাডিলেড ওভালে বাবর আজমের পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ।

ভারত: আজ ভারত যদি জিম্বাবুয়েকে হারায় কিংবা ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তবে সেমিফাইনালে উঠবে রোহিত শর্মার দল, কারণ পাকিস্তান কিংবা বাংলাদেশ কোনো দলেরই আর ৭ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। আর ভারত যদি ম্যাচটিতে হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশকে হারিয়ে সেমিতে ওঠার সুযোগ থাকবে পাকিস্তানের, ডাচদের হারাতে পারলে সেমিতে পাকিস্তানের সঙ্গী হবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা: জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক পয়েন্ট হারানো দক্ষিণ আফ্রিকা পরে বাংলাদেশ ও ভারতকে হারিয়ে দিলেও পাকিস্তানের কাছে হেরেছে। তাতে ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। সেমিফাইনালে ওঠার পথে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজ ডাচদের হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে তেম্বা বাভুমার দল। দক্ষিণ আফ্রিকা হেরেও সেমিতে উঠতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতে হবে।

বাংলাদেশ: আজ দক্ষিণ আফ্রিকা হেরে গেলে কিংবা এক পয়েন্টের বেশি না পেলে তাদের টপকে সেমিতে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের, অবশ্য এজন্য সাকিবদের জিততে হবে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের পয়েন্ট সমান ৬ হলে সেক্ষেত্রে একটি বেশি জয় পাওয়ায় বাংলাদেশই উঠবে শেষ চারে। দুই দলের পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে টাইব্রেকার হিসেবে আগে দেখা হবে জয়ের সংখ্যা, তারপর নিট রান রেট। দক্ষিণ আফ্রিকা জিতে গেলে বাংলাদেশের কোনো সুযোগ থাকবে না। কারণ, নিট রান রেটে ভারতের চেয়ে অনেক পিছিয়ে থাকায় তাদের টপকে যাওয়া বাংলাদেশের জন্য অসম্ভব প্রায়।

পাকিস্তান: পাকিস্তানকে আগে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে, এরপর দক্ষিণ আফ্রিকার পা হড়কানোর অপেক্ষায় থাকতে হবে। প্রোটিয়ারা হারলে কিংবা এক পয়েন্ট পেলে পাকিস্তানই উঠে যাবে সেমিতে, কেননা তখন তারা বেশি জয় পাওয়ার সুবাদে উঠে যাবে শেষ চারে। ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয়ই হারলে শ্রেয়তর রান রেটের কারণে গ্রুপের শীর্ষেও উঠে যেতে পারে পাকিস্তান।

কারো সেমিফাইনাল নিশ্চিত নয় বলেই আজ চরম অনিশ্চয়তা নিয়ে সুপার টুয়েলভের শেষ রাউন্ডে মাঠে নামছে ছয় দল। এর মধ্যে দুই দল পাবে সেমিফাইনালের টিকিট, বাকি চার দল বাড়ি ফিরবে।