তিন ম্যাচ বিরতি দিয়ে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। জেতালেন ইন্টার মায়ামিকে। আজ শুক্রবার ভোরে জ্যামাইকায় অনুষ্ঠিত ম্যাচে ক্যাভালিয়ার্স এসসিকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসিদের দল।

অবসাদজনিত কারণে মেসিকে তিন ম্যাচ বিশ্রাম দেন কোচ হাভিয়ের মাশচেরানো। ফিরেই জাদুকরি এক গোল করে কিংস্টনের দর্শকের হৃদয় জয় করলেন। ৩৭ মিনিটে সুয়ারেজের পেনাল্টি গোলে লিড নেয় মায়ামি। মেসি তখন বেঞ্চে। ৫৩ মিনিটে মাঠে নেমে তিনিও স্কোরশিটে নাম লেখান। যোগ করা সময়ের শেষ দিকে বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণ চেরা এক পাস বাড়িয়ে দেন সান্তিয়াগো মোরালেস। সামনে একঝাঁক ডিফেন্ডার থাকলেও মেসি ক্ষিপ্র গতিতে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে ক্যাভালিয়র্সের জালে।

কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। মেসিদের দলটি প্রথমবারের মতো এই আসরের সেমিফাইনালে ওঠার চেষ্টা করছে।

মেসিকে খেলানো নিয়ে মায়ামি কোচ মাশচেরানো বলেন, ‘আমরা তো চাচ্ছিলাম তাকে খেলাতে এবং সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হয় সঠিক সময়েই সে মাঠে নেমেছে এবং জ্যামাইকার দর্শকও তাকে দেখতে পেয়েছেন। সবার জন্য দারুণ এক রাত ছিল।’