লংকা প্রিমিয়ার টি২০ লিগে আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে সাকিব আল হাসান ও লিটন দাসের দল গল টাইটান্স। টেবিলের শীর্ষ দল ডাম্বুলার অরার সঙ্গে দ্বিতীয় স্থানধারী গলের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।

 

সাকিব শুরু থেকেই আছেন গলের সঙ্গে। আর লিটন দলটির সঙ্গে যোগ দেন ১৫ আগস্ট। সেদিন লিটন ব্যাটে কিছুই করতে না পারলেও তার দল ৮ উইকেটের বড় জয় প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলে। বাংলাদেশ দলনায়ক সাকিব ব্যাট বলে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। তিনি ৮ ম্যাচে ১০২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৮টি।

 

বাংলাদেশের আরেক তারকা তৌহিদ হৃদয় দুর্দান্ত খেলছিলেন জাফনা কিংসের হয়ে। তার দল আজ রাতে এলিমিনেটর ম্যাচ খেলবে বি-লাভ ক্যান্ডির সঙ্গে। যদিও হৃদয় জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে গত সপ্তাহে দেশে ফিরে এসেছেন।

 

আর টেবিলের পঞ্চম হয়ে বিদায় নেয়া কলম্বা স্ট্রাইকার্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।