এরই মধ্যে পুরুষ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। আজ আরেকটি রেকর্ড ছোঁয়ার দিন। নারী ও পুরুষ মিলে সর্বোচ্চ ২৪টি মেজর জয় করা অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টকে আজই ছুঁয়ে ফেলার সুযোগ তার সামনে। এজন্য ইউএস ওপেনের ফাইনালে তাকে জিততে হবে রুশ খেলোয়াড় দানিল মেদভেদেভের বিপক্ষে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
৩৬ বছর বয়সী জোকোভিচ সেমিফাইনালে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়েননি। যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী খেলোয়াড় বেন শেলটনকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭/৪) গেমে হারান তিনি। আরেক সেমিফাইনালে শীর্ষ বাছাই স্পেনের কার্লোস আলকারাজকে ৭-৫ (৭/৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারান সাবেক চ্যাম্পিয়ন মেদভেদেভ। সম্ভাবনা তৈরি হয়েছিল জোকোভিচ ও আলকারাজের মধ্যে ফাইনালের। তবে আলকারাজের পরাজয়ে উইম্বলডন ফাইনালের পুনরাবৃত্তি হলো না।
গত জুলাইয়ে অল ইংল্যান্ড ক্লাবে জোকোভিচকে হারিয়ে দেন আলকারাজ। তাতে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লামের স্বপ্নভঙ্গ হয় জোকোভিচের। এবার ফ্লাশিং মিডোতে তাকে রুখে দিতে পারেন মেদভেদেভ। এ কোর্টেই দুই বছর আগে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লাম জিতেছেন রুশ খেলোয়াড়টি। সেবার ফাইনালে তিনি জোকোভিচকে হারানোর কৃতিত্ব দেখান। আর গত বছর কভিড-১৯ টিকা নেননি বলে সার্বিয়ান তারকাকে খেলতেই দেয়নি ইউএস ওপেন টেনিস অ্যাসোসিয়েশন।
ইউএস ওপেনে এবার নিজের দশম ফাইনালে উঠে এসেছেন জোকোভিচ। আগের নয়বারের মধ্যে ছয়বারই হেরেছেন জোকার। আজ ইউএস ওপেনে নিজের চতুর্থ শিরোপা জয়ের মিশনে নামছেন তিনি।
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বছরের সবগুলো গ্র্যান্ড স্লাম আসরের ফাইনালে উঠলেন জোকোভিচ। শুক্রবার সেমিফাইনাল জয়ের পর তিনি বলেন, ‘এসব ম্যাচ ও উপলক্ষের অপেক্ষায় থাকি আমি। এটিই আমাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা দেয়, যেমনটি করে তরুণরা। আমি মনে করি, খেলাটিতে এখনো দেয়ার মতো অনেক কিছু আছে আমার মধ্যে।’
এদিকে আলকারাজের মতো বিপজ্জনক খেলোয়াড়কে হারিয়ে আনন্দিত মেদভেদেভ। তিন বলেন, ‘আমি বলেছিলাম, কার্লোসকে (আলকারাজ) হারাতে আমাকে ১০-এর মধ্যে ১১ খেলতে হবে। তৃতীয় সেটটি বাদ দিলে, আমি বলতে পারেন ১০-এর মধ্য ১২ দিয়েছি। সে সত্যিই অবিশ্বাস্য খেলে। তাকে হারাতে আপনাকে নিজের চেয়েও সেরাটা খেলতে হবে এবং আজ আমি সেটিই করেছি।’
এদিকে গতকাল রাতে নারী এককের ফাইনালে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের কোকো গাফ ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। সেমিফাইনালে চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভাকে হারান কোকো, আর যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজকে হারান সাবালেঙ্কা।










