মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২০ উইকেট শিকার করে রেকর্ড গড়া পাকিস্তানি স্পিনার সাজিদ খান ও নোমান আলী আরেকবার ইনিংসে নিলেন ১০ উইকেট। আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডকে ১১২ রানে অলআউট করে দিয়েছেন তারা দুজন। নোমান আলী ৬টি ও সাজিদ খান ৪টি উইকেট নেন। দুই স্পিনারের কর্তৃত্বেই পাকিস্তান পায় মাত্র ৩৬ রানের জয়ের লক্ষ্য। ১ উইকেট হারিয়ে মাত্র ১৯ বলে এই রান তুলে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক দলটি।
এর আগে ডানহাতি অফস্পিনার সাজিদ খান ৬টি ও বামহাতি অর্থোডক্স স্পিনার নোমান আলী ৩টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট করেন। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৪৪ রান তুলে লিড নেয়। সেঞ্চুরি করেন সৌদ শাকিল।
রাওয়ালপিন্ডির এই জয়ে ২-১-এ সিরিজ জিতে নিল পাকিস্তান, যারা প্রথম টেস্টে পাঁচশোর্ধ্ব সংগ্রহ গড়েও হেরে লজ্জার ইতিহাস গড়ে। এর আগে বাংলাদেশের কাছে ২-০তে হোম সিরিজ হেরেছে পাকিস্তান। এবার তারা হারাল ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে। ২০২১ সালের পর এই প্রথম হোম সিরিজ জিতল পাকিস্তান। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টি শিকার করে পাকিস্তানকে অবিশ্বাস্যভাবেই সিরিজ জেতালেন নোমান আলী ও সাজিদ খান।
বোলারদের পাশাপাশি এই জয়ে বড় অবদান সৌদ শাকিলের। ইংল্যান্ডের ২৬৭ রানের জবাবে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে টেল-এন্ড নিয়ে লড়াই করে স্বাগতিকদের ৭৭ রানের লিড এনে দেন সৌদ শাকিল। ৯৬.৪ ওভারে ৩৪৪ রানে অলআউট হয় পাকিস্তান। শাকিল অষ্টম উইকেটে নোমান আলীকে নিয়ে ১৫১ বলে ৮৮ রান যোগ করেন। এরপর সাজিদ খানকে নিয়ে ৭২ রানের আরেকটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলের লিড নিশ্চিত করেন। শাকিল ২২৩ বলে ৫ বাউন্ডারিতে ১৩৪ রানের ইনিংস খেলেন। এছাড়া সাজিদ খান ৪৮ বলে ৪৮ ও নোমান আলী ৮৪ বলে ৪৫ রান করেন। দুর্দান্ত এই ব্যাটিংয়ের জন্যই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।










