চলতি মাসে মালদ্বীপ ও
মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ দুই
ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের
কাবরেরা। দায়িত্ব পাওয়ার পর এটাই স্প্যানিশ কোচের প্রথম দল ঘোষণা।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক
পেয়েছেন সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ও বাংলাদেশ পুলিশ এফসির
ডিফেন্ডার ইশা ফয়সাল। ইনজুরিতে থাকায় স্কোয়াডে নেই ডিফেন্ডার তপু বর্মণ।
এছাড়া প্রায় ছয় বছর পর জাতীয়
দলে ফিরলেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার নাসিরুল ইসলাম। শেখ জামালের ডিফেন্ডার রায়হান
হাসান ও মোহামেডান স্পোর্টিংয়ের ফরোয়ার্ড জাফর ইকবালেরও সুযোগ মিলেছে। চোট কাটিয়ে
দলে ফিরেছেন আবাহনী লিমিটেডের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন।
বাদ পড়াদের তালিকায় রয়েছেন
সাদ উদ্দিন, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, মতিন মিয়া, মাহাবুবুর রহমান সুফিল, রিয়াদুল হাসান রাফি, সুশান্ত ত্রিপুরা, ফয়সাল আহমেদ ফাহিম, ওবায়দুর রহমান নবাব, ইয়াসিন খান, মেহেদী হাসান রয়েল ও রেজাউল করিম।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও
বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ২২
মার্চ মালদ্বীপের উদ্দেশে আমাদের দল যাত্রা করবে। সেজন্য আজ আমরা ২৩ জনের দল ঘোষণা
করেছি। কোচ হাভিয়ের কাবরেরা ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই ২৩ জনকে নির্বাচিত
করা হয়েছে। আশা করছি, দল ভালো করবে।
কাজী নাবিল আরো জানান, ঘরোয়া
ফুটবলের পারফরম্যান্স দেখেই এই দল চূড়ান্ত করা হয়েছে।
১৮ মার্চ হোটেল র্যাডিসনে
বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে। ১৯-২১ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দল
অনুশীলন করবে। ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশে রওনা হবে। ২৪ মার্চ মালেতে ম্যাচ খেলে
পরের দিন দেশে ফিরবে। ২৫ মার্চ সিলেটে পৌঁছে ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন
জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর
রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল। ডিফেন্ডার: তারিক
কাজী, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মেরাজ
হোসেন অপি, সোহেল রানা, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ। ফরোয়ার্ড: সুমন রেজা, বিপলু
আহমেদ, জুয়েল রানা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।










