আগামী বছর মার্চ ও এপ্রিল মাসে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৪ বছরের মধ্যে এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা।
এই সফরে থাকবে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে।
টি২০ বিশ্বকাপে আগামী বৃহস্পতিবার দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তার ঠিক তিনদিন আগে এল অজিদের পাকিস্তান সফরের ঘোষণা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা এ সিরিজ নিয়ে বলেন, আমি স্বানন্দ্যচিত্তে অস্ট্রেলিয়াকে পাকিস্তানে স্বাগত জানাতে চাই। এখানে তিনটি টেস্ট ম্যাচের সিরিজও থাকছে, যা নিয়ে আমার আনন্দের যেন কোনো সীমা নেই।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেটের একটি শীর্ষ পারফর্ম করা দল এবং ২৪ বছরের ব্যবধানে নিজেদের মাঠে তাদের সঙ্গে খেলাটা আমাদের সমর্থকদের জন্য হবে বিশেষ উপহার। একইভাবে, এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্যও দারুণ এক সুযোগ-আমাদের ঐতিহাসিক স্টেডিয়ামগুলোতে খেলার পাশাপাশি আমাদের মহান জাতির পক্ষ থেকে সম্মান, ভালোবাসা আর আতিথেয়তা পাবে তারা, যা কিনা শুধু বিদেশে খেলার কারণে তাদের আগের প্রজন্ম বঞ্চিত হয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল সর্বশেষ পাকিস্তান সফর করেছে ১৯৯৮ সালে, যখন বর্তমান দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার খেলোয়াড় হিসেবে দলে ছিলেন।
নিরাপত্তার কারণ দেখিয়ে দুই মাস আগে পাকিস্তান সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই সময়ে গত অক্টোবরে অনুষ্ঠেয় সিরিজ বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এতে পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন রমিজ রাজা। যদিও এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাকিস্তান সফরে রাজি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রমিজ।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে রয়েছে।










