বিশ্বকাপ বাছাই ম্যাচে বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচটি জিতলে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে আর্জেন্টিনার। প্যারাগুয়ের কাছে কলম্বিয়া কিংবা একুয়েডরের কাছে চিলি পয়েন্ট হারালেই ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবেন লিওনেল মেসিরা।

চোটের কারণে উরুগুয়ের মাঠে আগের ম্যাচে খেলেননি আর্জেন্টিনার অধিনায়ক মেসি। তিনি সুস্থ হয়ে কাল খেলবেন ব্রাজিলের বিপক্ষে। আর্জেন্টিনা মেসিকে পেলেও ব্রাজিল পাচ্ছে না দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে। সোমবার অনুশীলনের পর ঊরুতে ব্যথা অনুভব করার কথা জানান তিনি। ফলে তাকে দলের সঙ্গে আজেন্টিনায় না নিয়ে ব্রাজিল থেকে প্যারিসে পাঠানো হচ্ছে।

দুই লাতিন জায়ান্ট সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়, যে ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করে। যদিও আর্জেন্টিনায় সর্বশেষ দুই সফরে অপরাজিত সেলেসাওরা।

১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল এরই মধ্যে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা দুইয়ে, একুয়েডর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে, চিলি ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে এবং কলম্বিয়া ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।

কাল আর্জেন্টিনা জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট। পাঁচে থাকা কলম্বিয়া ড্র করলে পয়েন্ট দাঁড়াবে ১৪ ম্যাচে ১৭। তখন পরের চার ম্যাচে আর কোনোভাবেই আর্জেন্টিনাকে ধরা তাদের পক্ষে সম্ভব হবে না। একইভাবে চিলি হারলে কিংবা ড্র করলেও নিজেদের ম্যাচে জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে পারেন মেসি ও তার বাহিনী।

চিলি ও কলম্বিয়া পয়েন্ট না হারালেও আর্জেন্টিনার জন্য উত্কণ্ঠার কিছু নেই। কেননা তিনে থাকা একুয়েডর ও চিলির মধ্যে একটি দলের কাল পয়েন্ট হারানো নিশ্চিত। তাই এই রাউন্ডে না হলেও পরের রাউন্ডে কাতারের টিকিট চূড়ান্ত করার সুযোগ আসবে মেসিদের সামনে।

বলাবাহুল্য, ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থাকা উরুগুয়ে এখনো রেসে আছে। এই মহাদেশ থেকে চারটি দল সরাসরি উঠবে বিশ্বকাপে, পঞ্চম স্থানধারী দলটি প্লে-অফ খেলে সুযোগ পাবে বিশ্বকাপে যাওয়ার।