রাজধানীর প্রাণকেন্দ্র পল্টন এলাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল এটি। ক্রিকেট-ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। নিয়মিত এখানে অ্যাথলেটিকস অনুষ্ঠিত হয়। এছাড়া রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠানও এখানে হতো। এই স্টেডিয়ামে হয়েছে সাফ গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসর। এমনকি ২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা ফুটবল দলও এই মাঠে নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ খেলে গেছে।
ঢাকার ফুটবল ও ক্রিকেটের ঐতিহ্যবহুল এই স্টেডিয়ামে ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। এরপর এখান থেকে ক্রিকেট চলে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় গত ১২ ফেব্রুয়ারি। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। স্ব স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে।
দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিদায়ী সরকার প্রধানের পরিবারের অনেক সদস্যের নামে ছিল। অন্তর্বর্তী সরকার ক্রীড়াঙ্গনেও ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার দেশের সবচেয়ে পুরনো ও ব্যস্ততম স্টেডিয়ামের নাম বদল করা হলো।










