ঘরের মাঠে টি২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। আজ ব্রিসবেনে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পরের ম্যাচে হারায় শ্রীলংকাকে। যদিও ইংল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভাসিয়ে নিলে চিন্তা বাড়ে আয়োজকদের। আজকের জয় স্বস্তি ফিরিয়েছে অজি শিবিরে।
দলীয় ৮ রানে ডেভিড ওয়ার্নার আউট হয়ে গেলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে অ্যারন ফিঞ্চের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৫৯ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ ৪৪ বলে ৬৩ রান করেন। মার্কাস স্টয়নিস ২৫ বলে ৩৫ ও মার্শ ২২ বলে ২৮ রান করে দলের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। জবাব দিতে নেমে আইরিশরা ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় লজ্জার মুখোমুখি হয়। যদিও লরকান টাকারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রান তুলে অলআউট হয় দলটি। টাকার ৪৮ বলে ৭১ রান করেন। দল হেরে যাওয়ায় অবশ্য বিফলেই যায় টাকারের এই বীরত্ব।
গ্রুপ ‘ওয়ান’-এ ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড, আর অস্ট্রেলিয়া ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই। এরপর ইংল্যান্ড (৩), আয়ারল্যান্ড (৩), শ্রীলংকা (২) ও আফগানিস্তান (২)। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়া পাবে সেমিফাইনালের টিকিট। আর হারলে অন্যদের সুযোগ তৈরি হবে।
আগামীকাল আফগানিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে, নিউজিল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড।










