রাজধানীর ৩০০ ফিট এলাকায় শনিবার ১০ হাজার দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। পাঁচ ক্যাটাগরির এ প্রতিযোগিতায় ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল-আমিন ও মহিলা বিভাগে পাপিয়া খাতুন; হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে মো. আশিক আহমেদ ও মহিলা বিভাগে রিঙ্কি বিশ্বাস প্রথম হয়েছেন। এছাড়া ১০ কিলোমিটার দূরত্বে (সাধারণ) পুরুষ বিভাগে এম সোয়ান ও মহিলা বিভাগে প্রিয়া আক্তার; প্রথমবার অংশগ্রহণকারী পুরুষ বিভাগে মো. তুহিন আল মামুন ও মহিলা বিভাগে সুমাইয়া আখতার; ভেটেরান পুরুষ বিভাগে জসিম উদ্দিন আহমেদ ও মহিলা বিভাগে ইরি লি কৈকি চ্যাম্পিয়ন হয়েছেন।

2

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এবারের ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনটি ঢাকার ৩০০ ফিট সড়কের পাশে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই সড়ক দিয়ে ফেরত এসে নৌবাহিনীর ঘাঁটিতে শেষ হয়। এই ম্যারাথনে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ৯ হাজার ৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারীসহ মোট ১০ হাজার ১২৭ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে শনিবার সকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান আয়োজনের উদ্বোধন করেন।

1

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দৌড়বিদরা উপস্থিত ছিলেন।

একতা, বন্ধুত্ব ও বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে এবারের ম্যারাথনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘রান ফর ইউনিটি রান ফর হিউম্যানেটি’। এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন বলেও জানায় আইএসপিআর।