নাগপুরে আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ২৪৯ রানের টার্গেট দিয়ে ৪ উইকেটে হেরেছে ইংল্যান্ড। ৪৭.৪ ওভার টিকে থেকে ২৪৮ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল। জবাবে শুবমন গিলের ৮৭ রানের ইনিংসে ভর করে ৬৮ বল হাতে রেখে জিতেছে স্বাগতিক ভারত।
গিল ৯৬ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭, শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৫৯ ও অক্ষর প্যাটেল ৪৭ বলে ৫২ রান করেন। সাকিব মাহমুদ ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয়া ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটের ব্যাটে দারুণ সূচনা পেলেও তাদের আউটের পর সব এলোমেলো হয়ে পড়ে। ৫৩ বলে ৭৫ রান তুলে বিচ্ছিন্ন হন এই জুটি। ২৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে রানআউটের শিকার হন সল্ট। ৪ বল পর ডাকেটকে (২৯ বলে ৩২) ফেরান অভিষিক্ত পেসার হরষিত রানা। এরপর দ্রুতই হ্যারি ব্রুক ও জো রুটকে হারায় সফরকারীরা (১১১/৪)।
অধিনায়ক জস বাটলার ও জ্যাকব বেথেল ৫৯ রানের জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন। ৬৭ বলে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন বাটলার। অক্ষর প্যাটেলের বলে ফাইন লেগে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেন তিনি। এরপর নিয়মিত উইকেট পতন হতে থাকে। এরই মধ্যে ছোট ছোট জুটিতে দলের সংগ্রহ আড়াইশর কাছাকাছি নিয়ে যান তরুণ খেলোয়াড় বেথেল। তিনি ৬৪ বলে ৫১ রান করেন। ১৮ বলে ২১ রানের হার না মানা ইনিংস খেলেন জোফরা আর্চার।
ভারতের হয়ে স্পিনার রবীন্দ্র জাদেজা ২৬ রানে ৩টি ও অভিষিক্ত রানা ৫৩ রানে ৩টি উইকেট নেন।
রোববার কটকে দ্বিতীয় ও বুধবার আহমেদাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই দল যাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।










