বাংলাদেশের
জন্য সুসংবাদ ও দুঃসংবাদ দুটোই বলতে পারেন। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে তিন উইকেট শিকার করা বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন। তাকে ফোন করেছেন
নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার
জায়ান্টস এর শীর্ষ কর্মকর্তা গৌতম গম্ভীর। মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে খেলার সুযোগ এসেছিল তাসকিনের জন্য। যদিও দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান
ওয়ানডে ও এরপরের টেস্ট সিরিজের জন্য ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে যেতে পারছেন
না তাসকিন! তিনি এ
মুহূর্তে জাতীয় দলকেই অগ্রাধিকার দিচ্ছেন।
বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আইপিএলে খেলার অনুমতি চেয়েছিলেন তাসকিন। যদিও বোর্ড তাকে অনাপত্তিপত্র দেয়নি, তিনিও বিষয়টি বুঝে জাতীয় দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাসকিনকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ বিষয়ে আজ
সংবাদমাধ্যমে জালাল ইউনুস বলেন, তাসকিন
যেহেতু আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার, সে ওয়ানডে
সিরিজের পর টেস্ট সিরিজেও আছে। এই কারণে তাকে ছাড়পত্র দেয়া সম্ভব হয়নি। তাসকিন
জাতীয় দলে খেলছে, আমাদের
কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই না সিরিজ বাদ দিয়ে তাসকিন আইপিএলে যাক।
জালাল
ইউনুস আরো বলেন, জাতীয় দলের
দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। সুতরাং আমরা একটা
সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা
চালিয়ে যেতে এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।
ইংল্যান্ডের
পেসার মার্ক উডকে আইপিএল শুরুর আগেই হারিয়েছে লখনৌ। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি নতুন এই ফ্র্যাঞ্চাইজি।
তারা সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তাসকিনকে চায়। লখনৌ পুরো মৌসুমের জন্যই চেয়েছে বাংলাদেশি স্পিড স্টারকে। আজই সেই সিদ্ধান্ত
জানাতে হতো। বিসিবি ছাড়পত্র না দেয়াতে তাসকিন ইতোমধ্যে তা জানিয়ে দিয়েছেন।
বিসিবির
অনাপত্তিপত্র না পেলেও অখুশি নন তাসকিন। তিনি
গণমাধ্যমকে বলেছেন, আইপিএলে
সুযোগ ছিল, খেলতে
পারলে অবশ্যই ভালো লাগতো। কিন্তু সবার আগে
দেশ। আমার বিষয়টা বিসিবিই ভালো বুঝবে। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই সঠিক।
বিগত
কিছুদিন ধরে দারুণ উন্নতি করেছেন তাসকিন আহমেদ। বোলিংয়ের পাশাপাশি ফিটনেসে উন্নতি
করেছেন। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের উড়িয়ে দেয়ার মিশনে তার ছিল শুরুর অবদান। ৭ ওভারে
৩৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েই মূলত তাসকিনকে দলে নেয়ার
কথা ভেবেছে লখনৌ।










