দুই টেস্টের সিরিজ খেলতে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলংকা ক্রিকেট দল। সিংহলিজদের বহনকারী বিমানটির ঢাকা বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার কথা ছিল বেলা ১১টা ৪৫ মিনিটে। যদিও ফ্লাইট পৌঁনে এক ঘণ্টার মতো বিলম্বিত হওয়ায় বেলা সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছেছে দিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন দলটি।
শ্রীলংকা দলটি বিমানবন্দর থেকে সরাসরি চলে যায় হোটেল সোনারগাঁওয়ে। চলমান কভিড-১৯ মহামারীর কারণে বিমানবন্দরে সংবাদমাধ্যমে কোনো কথা বলেননি লংকান ক্রিকেটাররা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল অনুশীলন করে ১০ ও ১১ মে সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। এরপর চট্টগ্রাম যাবে দলটি। বাংলাদেশ ক্রিকেট দল আজ চট্টগ্রাম পৌঁছবে, অনুশীলন শুরু করবে কাল সোমবার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। এরপর ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২০০১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ২২ টেস্টের মুখোমুখিতে মাত্র একটিতে জিততে সমর্থ হয়েছে বাংলাদেশ, আর লংকানরা জিতেছে ১৭টিতে। দুই দলের সিরিজগুলোতে একচ্ছত্র আধিপত্য করেছে সিংহলিজরা।
গত বছর শ্রীলংকার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মুমিনুল হকের দল এবার ঘরের মাঠে জিততে মরিয়া। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয় তারা।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার শীর্ষ পারফর্মার দুই সাবেক ক্রিকেটার মুত্তিয়া মুরালিধর (৮৯ উইকেট) ও কুমার সাঙ্গাকারা (১৮১৬ রান)।
উল্লেখ্য, ৯ দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এ মুহূর্তে আট নম্বরে রয়েছে বাংলাদেশ। একেবারে তলানিতে ইংল্যান্ড। আর শ্রীলংকা রয়েছে ৫ নম্বরে।










