অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার কামরান গুলাম। অভিষেকে সেঞ্চুরি করাটা অবশ্য নতুন কিছু নয়। তার আগেও ১১৫ জনের আছে এমন কীর্তি। তবে একটি জায়গায় অন্তত উপরের দিকে থাকবেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করেছেন এমন ষষ্ঠ ব্যাটার তিনি এবং বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুলের পর প্রথম।

২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে চার নম্বরে নেমে সেঞ্চুরি (১৪৫) করেছিলেন বুলবুল। সেটা ছিল গোটা বাংলাদেশেরই প্রথম টেস্ট। ২৪ বছর পর চার নম্বরে নেমে সেঞ্চুরি করে পাকিস্তানকে টানেন কামরান।

১৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করা কামরান অবশ্য ১১৮ রান করে ফিরে যান সাজঘরে। তাকে বোল্ড করেন স্পিনার শোয়েব বশির (২৪৩/৫)। এরপর রিজওয়ানের সঙ্গে যোগ দেন সালমান আগা। দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ৯০ ওভারে ২৫৯/৫। রিজওয়ান ৩৭ ও সালমান ৫ রানে অপরাজিত রয়েছেন।

মুলতানে প্রথম টেস্টে ইতিহাস গড়ে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫০০ রান করার পরও ইনিংস ব্যবধানে পরাজিত হওয়া একমাত্র দল এখন পাকিস্তান। সেই ধাক্কায় এলোমেলো স্বাগতিক দলটি মুলতানে দ্বিতীয় টেস্টে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর মতো শীর্ষ ক্রিকেটারদের বাদ দিয়ে মাঠে নেমেছে। একই মাঠে আজ টস জিতে ব্যাটিংয়ে নামা শান মাসুদের দল ১৯ রানে হারিয়ে ফেলে দুই উইকেট।

সেখান থেকে সাইম আইয়ুব ও কামরান গুলামের ব্যাটে ভর করে একশ তুলেছে স্বাগতিকরা। সাইম ৭৭ রান করে ম্যাথিউ পটসের শিকার হন। এরপর সৌদ শাকিলকে মাত্র ৪ রানে সাজঘরে ফিরিয়েছেন ব্রাইডন কার্স। সেই থেকে ফিফটি রানের জুটিতে পাকিস্তানকে টানেন কামরান ও রিজওয়ান। এই জুটিতে আসে ৬৫ রান।

এর আগে ইংলিশ স্পিনার জ্যাক লিচের আঘাতে অষ্টম ওভারে ওপেনার শফিক আব্দুল্লাহকে হারায় পাকিস্তান (১৫/১)। দলীয় ১৯ রানের মাথায় অধিনায়ক শান মাসুদকেও সাজঘরে ফেরান তিনি। এরপর দারুণ এক জুটি গড়েন সাইম ও গুলাম।