জয়ের জন্য শেষ দিন পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেটে ৩১৪ রান। অন্যদিকে পাকিস্তানের ৮ উইকেট তুলে নিতে পারলেই জয় অস্ট্রেলিয়ার। কিন্তু কোনো দলই তা করতে পারেনি। টেস্টে বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংসের নৈপুণ্যে ড্র হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিও। করাচি টেস্টের পঞ্চমদিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান করতে পারে পাকিস্তান। ১৯৬ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেছেন বাবর। তাকে সঙ্গ দিয়ে মোহাম্মদ রিজওয়ান তুলে নিয়েছেন সেঞ্চুরি। আব্দুল্লাহ শফিক ফিরে গেছেন সেঞ্চুরির কাছ থেকে।
৫০৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবর আজম ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে জমে ওঠে করাচি টেস্ট। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৯২ রান। সেঞ্চুরি করে বাবর ও হাফসেঞ্চুরি করে অপরাজিত ছিলেন শফিক। শেষ দিন স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ৩১৪ রান। বাবর-শফিকের সাবধানী ব্যাটিংয়ে জয়ের স্বপ্নও দেখছিল স্বাগতিকরা। কিন্তু লাঞ্চের একটু আগে শফিককে স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচে পরিণত করেন প্যাট কামিন্স। মাত্র ৪ রানের জন্য সাদা পোশাকে দ্বিতীয় সেঞ্চুরি মিস করেন এই ওপেনার। ৩০৫ বলে ৯৬ রান করে শফিক। ম্যাচ বাঁচাতে রান তোলার চেয়ে উইকেটে টিকে থাকায় মনোযোগ ছিল ডানহাতি ব্যাটারের। বাবর-শফিকের জুটিতে আসে ২২৮ রান।
উইকেটে আসেন ফাওয়াদ আলম। থিতু হতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। লাঞ্চ থেকে ফিরেই আউট হন ফাওয়াদ। কামিন্সের দ্বিতীয় শিকার হন তিনি। ২৭ বলে ৯ রান করেন এই বামহাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে নিয়ে আবারো জুটি বড় করেন বাবর। পাক অধিনায়কের সামনে হাতছানি দিচ্ছিল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির। কিন্তু তৃতীয় সেশনে নাথান লায়নের দুর্দান্ত এক ডেলিভারিতে মার্নাস লাবুশানের তালুবন্দী হন বাবর। ভাঙে ১১৫ রানে জুটি। ৪২৫ বলে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন পাক অধিনায়ক। ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কার বাউন্ডারি।
এরপর ফাহিম আশরাফ ও সাজিদ খানকে দ্রুত ফিরিয়ে আবারো খেলায় উত্তেজনা ফেরান লায়ন। কিন্তু অষ্টম উইকেটে রিজওয়ান-নুমান আলি উত্তেজনায় পানির ছিটা দেন। দলকে হার থেকে রক্ষা করে মাঠ ছাড়েন দু’জন। তার আগে রিজওয়ান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। ১৭৭ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাকে সঙ্গ দিয়ে ১৮ বলে শূন্য রানে অপরাজিত থাকেন নুমান। অজি বোলারদের মধ্যে নাথান লায়ন নিয়েছেন চারটি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম।
তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ও দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে। ২১ মার্চ লাহোরে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
প্রথম ইনিংস : অস্ট্রেলিয়া ৫৫৬/৯ ডি.
প্রথম ইনিংস : পাকিস্তান ১৪৮/১০
দ্বিতীয় ইনিংস : অস্ট্রেলিয়া ৯৭/২ ডি.
দ্বিতীয় ইনিংস : পাকিস্তান ৪৪৩/৭
ম্যাচ : ড্র










