দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অ্যালবি মরকেলকে পাওয়ার-হিটিং ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলেন মরকেল। এর আগে পেস বোলিং কোচের দায়িত্ব নেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গও দক্ষিণ আফ্রিকান।

আজ বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বলেন, তিনি (মরকেল) খুব অভিজ্ঞ খেলোয়াড় ও কোচ। আমরা মনে করি আমাদের ব্যাটাররা তার কোচিংয়ে অনেক কিছু শিখতে পারবে।

জালাল জানিয়েছেন, মরকেল এরই মধ্যে কাজ শুরু করেছেন তামিম-মুশফিকদের সঙ্গে।

প্রোটিয়াদের সঙ্গে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। এরপর এপ্রিলের শুরুতে দুই দল দুটি টেস্ট ম্যাচ খেলবে।

ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার কেপটাউনের গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।