টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে পরাজিত শ্রীলংকা শঙ্কা উড়িয়ে টানা দুই জয়ে উঠে গেল সুপার টুয়েলভ রাউন্ডে। ভিক্টোরিয়ার জিলংয়ে আজ ডাচদের ১৬ রানে হারায় সিংহলিজরা। আজ পরের ম্যাচে সংযুক্ত আমিরাতের বিপক্ষে খেলবে নামিবিয়া। ওই ম্যাচ শেষে জানা যাবে, ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে। নামিবিয়া হারলে পরের রাউন্ডে যাবে নেদারল্যান্ডস।

 

আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬২ রান তোলে শ্রীলংকা। কুশল মেন্ডিস অবশেষে ফর্মে ফিরলেন। আজ তিনি ৪৪ বল খেলে করেছেন ৭৯ রান। ডানহাতি ব্যাটার তার ইনিংস সাজিয়েছেন ৫টি ছক্কা ও সমান ৫টি চারের সাহায্যে। এছাড়া চারিথ আশালঙ্গা ৩১ ও ভানুকা রাজাপাকসে ১৯ রান করেন। ডাচদের পক্ষে পল ফন মিকিরেন ও বাস ডি লিডি দুটি করে উইকেট নেন।

 

জবাব দিতে নেমে ম্যাক্স ও’ডাউডের বীরত্বপূর্ণ হাফসেঞ্চুরির পরও অন্যদের ব্যর্থতায় জিততে পারেনি নেদারল্যান্ডস।৯ উইকেটে ১৪৬ রান করতে সমর্থ হয় ডাচরা। ও’ডাউড ৫৩ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া স্কট এডওয়ার্ডস ১৫ বলে ২১ ও কলিন আকারম্যান ১৬ রান করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা ২৮ রানে তিনটি এবং মহিশ থিকসানা ৩২ রানে দুটি উইকেট নেন।