ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ
টেস্টটি বৃষ্টির বাগড়ায় নিষ্প্রাণ ড্র হওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়ল ইংলিশরা। কেননা
এর মধ্য দিয়ে অ্যাশেজের শিরোপা পুনরুদ্ধারের সুযোগ শেষ হয়ে গেল তাদের। অস্ট্রেলিয়ার
কাছেই থাকবে অ্যাশেজ শিরোপা।২০১৭-১৮ মৌসুম থেকে অ্যাশেজের শিরোপা ধরে রেখেছে তারা।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে
অ্যাশেজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ২৭৫ রানের বড় লিড পায় ইংল্যান্ড। শুক্রবার
দিন দ্বিতীয় সেশনে ১০৭.৪ ওভারে ৫৯২ রান তুলে অলআউট হয় ইংলিশরা। ওইদিন ৪ উইকেটে ১১৩
রান তুলে মাঠ ছাড়ে অজিরা। শনিবার চতুর্থ দিন আরো ৩০ ওভার ব্যাট করে বোর্ডে ১০১ রান
তুলতে সমর্থ হয় অতিথিরা।
৫ উইকেট হাতে নিয়ে ৬১ রানে পিছিয়ে ছিল
অজিরা। আজ রোববার পঞ্চম দিন ৯০ ওভারের খেলা বাকি। তাই আজো জয়ের আশা দিয়ে মাঠে আসে
ইংলিশরা। কিন্তু পুরোদিনই বৃষ্টি হওয়ায় তাদের সব আশা-ভরসার সমাধি ঘটে। এই টেস্টটা
তো জেতা হলো-ই না, উল্টো অ্যাশেজের শিরোপাও জেতা হলো না তাদের।
এখন ওভালে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া
পঞ্চম ও শেষ টেস্টটি ইংল্যান্ড জিতলেও ২-২ এ ড্র করার সুবাদে শিরোপা থাকবে অজিদেরই
কাছে। অস্ট্রেলিয়ার আরো কিছু অর্জনের বাকি আছে। ২০০১ সালের পর যুক্তরাজ্যের মাঠে
সিরিজ জিততে পারেনি তারা। ওভাল টেস্ট জিতে সেই চেষ্টা করবে প্যাট কামিন্সের দল।
প্রথম দুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায়
অজিরা। তৃতীয় টেস্ট জিতে সিরিজে ফিরে আসে বেন স্টোকসের ইংল্যান্ড। চতুর্থ টেস্টেও
জয়ের ঘ্রাণ পাচ্ছিল স্বাগতিকরা। যদিও বৃষ্টি তাদের প্রচণ্ড হতাশ করল। ফলে ২০১৫
সালে পর দ্বিতীয়বারের মতো অ্যাশেজ জয়ের অপেক্ষাটা বাড়ল তাদের।
ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস হতাশা নিয়ে
বললেন, ‘এটা মেনে নেয়া কঠিন। এত ভালো ক্রিকেট খেলার পরও আবহাওয়ার কারণে এখন আমরা ভুল
প্রান্তে। সবই যাত্রার অংশ। আমরা তো জানতাম, সবকিছু আমাদেরই হাতে। বাঁচা-মরার ম্যাচে
তাদের দ্রুত আউট করে আমরা ছয় গড়ে ৫৯০ (হবে ৫৯২) রান তুললাম। এর চেয়ে বেশি কিছু করা
যেত না। এই ম্যাচ থেকে গর্ব করার মতো অনেক কিছু আছে আমাদের।’










