প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মূল দলের অনুশীলনে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ফরাসি লিগ চ্যাম্পিয়নরা। এতে চলতি মৌসুমে তার পিএসজিতে থাকার সম্ভাবনা তৈরি হলো।

 

দলবদলের গুঞ্জনের কারণে ২৪ বছর বয়সী ফ্রান্স সুপারস্টারকে প্রাক-মৌসুম সফরে নেয়া হয়নি, পরে মূল দলের অনুশীলনেও ছিলেন না। শনিবার লরাঁর বিপক্ষে লিগের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে পিএসজি। ওই ম্যাচে এমবাপ্পেকে নেয়া হয়নি। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও চলে যেতে পারেন বলে গুঞ্জন চলছে। ফলে তাকেও স্কোয়াডে রাখেনি পিএসজি।

 

আজ রোববার এক বিবৃতিতে পিএসজি বলেছে: পিএসজি-লরাঁ ম্যাচের আগে পিএসজি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনার পর তাকে আজ সকালে মূল দলের অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির শেষ মৌসুম চললেও তিনি চুক্তি নবায়ন করছেন না। খেলোয়াড়টি রিয়াল মাদ্রিদে যোগ দিতে মরিয়া। পিএসজি তাকে চুক্তি নবায়ন করতে বললেও তিনি তাতে রাজি হচ্ছিলেন না। এতেই দুই পক্ষের মধ্যে টানাপড়েন তৈরি হয়। যদিও এখন এমবাপ্পের সঙ্গে ‘গঠনমূলক ও ইতিবাচক’ আলোচনা হয়েছে বলে দাবি করেছে পিএসজি। এরপরই তার অনুশীলনে ফেরা।

 

শনিবার স্ট্যান্ডে বসে ফরাসি সতীর্থ ওসমান দেম্বেলেকে নিয়ে পিএসজির ম্যাচ দেখেছেন এমবাপ্পে। দেম্বেলেকে ৪৩.৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা থেকে কিনেছে পিএসজি।

 

গত মাসেই এমবাপ্পের সঙ্গে দলবদল নিয়ে আলোচনা করতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে অনুমতি দেয় পিএসজি। তার জন্য ২৫৯ মিলিয়ন পাউন্ড ফি নির্ধারণ করে দেয় প্যারিস জায়ান্টরা। যদিও সেখানে তেমন কিছু ঘটেনি। কারণ এমবাপ্পে যেতে চান রিয়ালে।   

 

শনিবার সব পক্ষের সঙ্গে আলোচনায় বরফ গলেছে। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি কিছুতেই বিনা ফিতে এমবাপ্পেকে যেতে দিবেন না। তাই সম্ভবত দুই পক্ষের মধ্যে এমন আলোচনা হয়েছে যে, খেলোয়াড়টির ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করবেন, যাতে আগামী গ্রীষ্মের দলবদলে তিনি ফ্রি এজেন্ট হয়ে না পড়েন। চুক্তিটা ২০২৫ সালের জুন পর্যন্ত গড়ালেই পরের গ্রীষ্মে রিয়ালের কাছে তাকে বিক্রি করতে পারবে পিএসজি।

 

২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। পরবর্তীতে ১৮০ মিলিয়ন ইউরোয় তাকে কিনে নেয় পিএসজি। ক্লাবটির হেয় ২৬০ ম্যাচে ২১২ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

 

চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার হতাশায় তিনি পিএসজি ছাড়তে চান। অন্যদিকে রিয়াল রেকর্ড ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন।