ভারত ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়ে গেল। নাগপুরে প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ইংল্যান্ড।

চোটের কারণে আজ প্রথম ওয়ানডেতে নেই এই ফরম্যাটে সর্বোচ্চ ৫০টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। এরপরও ভারতের ব্যাটিং অর্ডার শক্তিশালী। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও আছেন যশস্বী জয়সোয়াল, শ্রেয়াস আইয়ার, শুবমন গিল ও লোকেশ রাহুল। অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। এই ম্যাচে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটার জশস্বী জয়সোয়াল ও পেস বোলার হরষিত রানার। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হিরো মোহাম্মদ শামি আছেন ভারতের একাদশে। সেই সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের একাদশে আছেন বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।

এর আগে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১-এ জিতে নেয় ভারত। ওয়ানডে সিরিজে রয়েছে তিনটি ম্যাচ। রোববার কটকে দ্বিতীয় ও বুধবার আহমেদাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই দল যাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।