রাফায়েল নাদাল একে একে ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন।
তাকে বলা হয় রোলাঁ গারোঁর রাজা। সেই রাজার বিদায় ঘটেছে। এবার চোটে পড়ে শেষ হয়ে যায়
মিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী, এ বছরই অবসর নেবেন নাদাল। ফলে রোলাঁ গারোঁয় শেষবার হয়তো
খেলে ফেলেছেন তিনি। তবে রাজা যায়, রাজা আসে—এটাই নিয়ম। ফ্রেঞ্চ ওপেনের লাল মাটির দূর্গের
ক্ষেত্রে উত্তরসুরি যদি হয় রাজারই দেশের, তবে তা অসাধারণই। এমন মুহূর্তের সামনে দাঁড়িয়ে
এবারের ফ্রেঞ্চ ওপেন। নাদালেরই দেশের উদীয়মান সুপারস্টার কার্লোস আলকারাজ প্রথমবারের
মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের সামনে। আজ সন্ধ্যায় ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেরেভের
মুখোমুখি হবেন তিনি।
ছোটবেলায় নাদালকে দেখেছেন রোলাঁ গারোঁয় কর্তৃত্ব করতে,
একের পর এক শিরোপা জিততে। তখনই এই ঐতিহ্যবহুল কোর্টে একদিন শিরোপা জয়ের স্বপ্ন বুনতে
থাকেন আলকারাজ। আজ তিনিও বিশ্ব টেনিসের এক বড় নাম হয়ে উঠেছেন। ছোট্ট সেই আলকারাজ এরই
মধ্যে ইউএস ওপেন ও উইম্বলডন শিরোপা জিতে নিজেকে বিশ্ব দরকারে তুলেও ধরেছেন। এবার আরাধ্য
ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে রোলাঁ গারোঁয় নাদালের যোগ্য উত্তরসুরি হয়ে উঠতে চান। স্বপ্নপূরণ
থেকে মাত্র এক জয় দূরে তিনি।
ফাইনাল সামনে রেখে আলকারাজ বলছিলেন, ‘এই টুর্নামেন্ট
নিয়ে আমার বিশেষ এক ধরণের অনুভুতি কাজ করে। মনে পড়ে, আমি যখন স্কুল শেষ করলাম তখন দ্রুত
দৌড়ে বাড়ি ফিরেই টিভিটা অন করে ফ্রেঞ্চ ওপেন দেখতে বসে যেতাম। আমি এখানের অনেক ম্যাচ
দেখেছি। নাদালকে আধিপত্য করতে দেখেছি, তা ১৪-১৫ বছর ধরে তো হবেই। এটা অবিশ্বাস্য কীর্তি।
ফ্রেঞ্চ ওপেনজয়ী স্প্যানিশ খেলোয়াড়দের তালিকায় আমি আমার নামটিও তুলতে চাই।’
আলকারাজের সামনে বাঁধা এখন ২৭ বছর বয়সী জেরেভ, যিনি ক্যারিয়ারের
প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের আশায় খেলতে নামছেন। ২০২০ সালে ইউএস ওপেনে অস্ট্রিয়ার
ডমিনিক থিয়েমের বিপক্ষে ফাইনালে টানা দুই সেট জয়ের পর শিরোপা থেকে মাত্র দুই পয়েন্ট
দূরে ছিলেন তখন। যদিও থিয়েম অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে নেন। পঞ্চম সেটের
টাইব্রেকে শিরোপার নিস্পত্তি ঘটে।










