আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্পিনার কার্তিক মেইয়াপ্পন। তার হ্যাটট্রিকে লংকানদের রান তোলার গতি কমে গেলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রানের সংগ্রহ পায় দাসুন শানাকার দল। অবশ্য আমিরাতের বড় হারে বিফলেই যায় মেইয়াপ্পনের হ্যাটট্রিকের কীর্তি। মধ্যপ্রাচ্যের দলটি হেরেছে ৭৯ রানের বড় ব্যবধানে।

 

এটা আন্তর্জাতিক টি২০তে ৩৯তম আর টি২০ বিশ্বকাপে পঞ্চম হ্যাটট্রিক। এর আগে অস্ট্রেলিয়ার ব্রেট লি (২০০৭), আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার (২০২১), শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (২০২১) ছেলেদের টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন।

 

জিলংয়ে আজ আগে ব্যাটিংয়ে নেমে ভালোই এগোচ্ছিল শ্রীলংকা, তারা ২ উইকেটে ১১৭ রান তুলে বড় স্কোরের দিকে হাঁটছিল। তখনই মেইয়াপ্পনের আঘাত। ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তিনি টানা আউট করেন ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা ও শানাকাকে।

 

পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভাও সাজঘরের পথ ধরলে গভীর সংকটে পড়ে শ্রীলংকা (১২০/৫)। তখন চামিকা করুনারত্নেকে নিয়ে ২৩ বলে ৩০ রান করে দলের সংগ্রহ দেড়শ পার করান পাথুম নিশাঙ্কা। ৬০ বলে ৭৪ রান করেন নিশাঙ্কা, আর ধনাঞ্জয়া ডি সিলভা করেন ২১ বলে ৩৩ রান।

    

এরপর ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায় সিপি রিজওয়ানের দল। লেগস্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ৮ রানে তিনটি, ডানহাতি পেসার দুশমন্ত চামিরা ১৫ রানে তিনটি ও অফস্পিনার মহিশ থিকসানা ১৫ রানে দুটি উইকেট নেন। পেসার প্রমোদ মদুশান ও দাসুন শানাকা একটি করে উইকেট নেন।

 

এই জয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল শ্রীলংকা। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গেলেও এখন সুযোগ টিকে থাকল। বৃহস্পতিবার টেবিলের শীর্ষ দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলংকা, সেদিন নামিবিয়া খেলবে আরব আমিরাতের বিপক্ষে। শ্রীলংকাকে নিজেদের ম্যাচে জয়ের পরও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। কেননা নামিবিয়াও জিতে গেলে তাদের হবে ৪ পয়েন্ট, শ্রীলংকারও হবে ৪ পয়েন্ট। আগেই ৪ পয়েন্ট হয়ে গেছে ডাচদের। তখন নেট রানরেটে শীর্ষ দুই দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে। তবে এই হিসাবে বসার আগে জিততে হবে সিংহলিজদের।