বক্সিং ডে টেস্টের আগে ইংল্যান্ড দলে কয়েকজন সাপোর্ট স্টাফ কভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। এবার সিডনি টেস্টের আগে দুঃসংবাদ পেলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড।

খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যমগুলো থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মিডল অর্ডার এই ব্যাটসম্যানের বদলে তিনজনকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটাররা হলেন- মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জন ইংলিস।

অজি ক্রিকেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে দুই দলের সবার নিয়মিত পিসিআর পরীক্ষাতেই পজিটিভ হন ট্রাভিস হেড। অবশ্য, তেমন কোনো উপসর্গ তার নেই। আপাতত বান্ধবীর সঙ্গে মেলবোর্নেই আইসোলেশনে থাকবেন তিনি।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ইংল্যান্ড দলের তিন সাপোর্ট স্টাফ তাদের পরিবারের চার সদস্য। পরিবারের একজন আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। এছাড়া আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন।

আগামী বুধবার থেকে সিডনিতে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। ১৪ জানুয়ারি থেকে হোবার্টে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। প্রথম তিন টেস্ট জিতে সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।