হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি-কক। ২৯ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটসম্যান পরিবারকে সময় দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

পিতৃত্বকালীন ছুটি নেয়ায় ভারতের বিপক্ষে চলমান সিরিজের দুই টেস্টে নেই ডি-কক। এর মধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায়ের কথা জানান তিনি।

টেস্ট ফরম্যাটে ৫৪ ম্যাচ খেলে ডি-ককের রয়েছে ৬ সেঞ্চুরি ও ৩৮ দশমিক ৮২ গড়ে ৩ হাজার ৩০০ রান। উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২টি।  

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মাধ্যমে দেয়া বিবৃতিতে ডি কক বলেন, এই সিদ্ধান্ত খুব সহজে আসেনি। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি, এসব নিয়ে অনেক ভেবেছি আমি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এরপরও পরিবার গড়ে তুলতে চাই। পরিবারই আমার কাছে সবকিছু এবং আমাদের জীবনের এই নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই আমি।