আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ শুরু হচ্ছে ‘বি’ গ্রুপের লড়াই। করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

আফগানরা সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজ জিতেছে, যার মধ্যে গত সেপ্টেম্বরে শারজায় প্রোটিয়াদেরও হারায় তারা। দক্ষিণ আফ্রিকাই সর্বোচ্চ র‍্যাংকধারী দল যাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে আফগানরা। যদিও তখন পূর্ণশক্তির দল খেলায়নি দক্ষিণ আফ্রিকা।

আফগানরা গত দুটি বৈশ্বিক আসরে যেন রূপকথা লিখেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি। অবশ্য সেই থেকে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে তারা। এর মধ্যে দুটি সিরিজ এসেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে, যারা এই চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। বাকি দুটি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চমক দেখায় আফগানিস্তান। একঝাঁক মেধাবী খেলোয়াড় নিয়ে গড়া দলটি যদি সবাইকে চমকে দিয়ে এবার চ্যাম্পিয়নস ট্রফি জিতে নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কি?

বিশ্বকাপ জিততে না পারার দীর্ঘ হতাশা বয়ে বেড়ানো প্রোটিয়ারা অবশ্য একটি মাত্র আইসিসি ট্রফি জিতেছে ১৯৯৮ সালে। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত এই আসরই আইসিসি নকআউট ট্রফি নামে পরিচিত ছিল। এরপর অসংখ্যবার ফেভারিট হিসেবে খেলতে নেমেও বারবার হৃদয়ভঙ্গের বেদনা নিয়ে বাড়ি ফিরেছে তারা। বিশ্বকাপ না হলেও আরেকটি আইসিসি ট্রফি খেলতে নামছে দলটি।

যদিও এই ফরম্যাটে হারের বৃত্তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বরে পাকিস্তানের কাছে ৩-০তে হোম সিরিজ হারের পর সদ্যই পাকিস্তানের মাঠে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও স্বাগতিকদের কাছে হেরেছে তেম্বা বাভুমার দল। অন্যদিকে, আফগানরা সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটি।