ইতালির মিলান শহরে ছুরিকাঘাতের শিকার হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারি, যিনি বর্তমানে সিরি-এ ক্লাব মনজায় ধারে খেলছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরটির মিলান সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত এবং মারিসহ ৫ জন আহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।
এ ঘটনায় সন্দেহভাজন ৪৬ বছর বয়সী এক ইতালীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ওই নাগরিক মানসিক সমস্যাগ্রস্ত বলেও জানায় পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে এ দুইজনের মধ্যে নেই মারি। তিনি মিলানের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ তার পিঠে অস্ত্রোপচার করা হবে।
ইতালির স্থানীয় গণমাধ্যমে লা গ্যাজেটা ডেলো স্পোর্টসকে মারি বলেন, আমি ভাগ্যবান। কারণ আমি আমার সামনে একজনকে মরতে দেখেছি।
গ্যাজেটা আরো জানায়, মারি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সুপার মার্কেট এলাকা দিয়ে হাঁটছিলেন। তখন তার পিঠে ছুরিকাঘাত করা হয়।
গ্যাজেটা জানায়, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ইতালির মনজা ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট আড্রিয়ানো গ্যালিয়ানি নিশ্চিত করেছেন মারি সুস্থ রয়েছেন। মারি গুরুতর অবস্থায় নেই। মারি খুবই ভালো একটি ছেলে। সে মজার ছলে আমাকে জানিয়েছে, সোমবারই অনুশীলনে ফিরবে।










