গত দুই দশক ধরে পুরুষ টেনিস আধিপত্য চলছে রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ ত্রয়ীর। তাদের সঙ্গে পাল্লা দিয়ে দানিল মেদভেদেভ, আলেকজান্ডার জেভেরেভ ও স্তেফানোস সিসিপাসরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বরাবরই তাদের হারতে হয়।

২০০৩ থেকে এ পর্যন্ত ৬৩টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি গিয়েছে ফেদেরার (২০), নাদাল (২২) ও জোকোভিচের (২১) এর ঘরে! এতদিন তাদেরকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি কেউ। কিন্তু গত মাদ্রিদ ওপেনে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ গারফিয়া দিয়েছিলেন নতুন বার্তা। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওই সময়ের এটিপির র্যাংকিংয়ের চার নম্বর তারকা নাদালকে, সেমিফাইনালে শীর্ষ তারকা জোকোভিচকে এবং ফাইনালে তিন নম্বর তারকা জেভেরেভকে হারিয়ে মাদ্রিদ ওপেন জেতেন ।

কয়েক মাস না যেতেই সেই আলকারাজ এখন ইউএস ওপেনের ফাইনালে। ১৯ বছর বয়সী টেনিস খেলোয়াড়ের সামনে হাতছানি দিচ্ছে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের।

বাংলাদেশ সময় সোমবার ভোরে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে তার প্রতিপক্ষ ক্যাসপার রুড। নরওয়ের এই খেলোয়াড় এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রেখেছেন। এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন তিনি।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ইউএস ওপেনের সেমিফাইনালে আমেরিকান ফ্রান্সেস তিয়াফোকে ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭) ও ৬-৩ গেমে হারান আলকারাজ। আরেক সেমিতে রাশিয়ান কারেন খাচানোভকে ৬-৭ (৭-৫), ২-৬, ৭-৫ ও ২-৬ গেমে হারান রুড।

এদিকে আজ শনিবার মেয়েদের ফাইনালে মুখোমুখি হচ্ছে পোল্যান্ডের ইগা সিয়ানতেক ও তিউনিসিয়ার ওনস জাবের।

মাদ্রিদ ওপেনে ১৯৯০ সালের পর শীর্ষ পাঁচের তিন খেলোয়াড়কে হারিয়ে শিরোপা জেতার রেকর্ড গড়েছিলেন আলকারাজ। তখন আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্নবোধক চিহ্নে আলকারাজ শিরেনাম হয়েছিলেন, ‘টেনিস কি নতুন নেতার সাক্ষাত্ পেল?’