ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভাগ্য বিড়ম্বিত হয় ইংল্যান্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজের শিরোপা ধরে রাখে অস্ট্রেলিয়া। ওভালে পঞ্চম ও শেষ টেস্টটি তাই রূপ নিয়েছে আনুষ্ঠানিকতায়। যদিও ইংল্যান্ডের জন্য কেবলই আনুষ্ঠানিকতার নয় এই ম্যাচটি। জিতলে অন্ততপক্ষে সিরিজটা ২-২-এ ড্র করতে পারবে তারা। ওভালে দুই দল সমানে সমান লড়ছে।

 

প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয় ইংলিশরা। জবাব দিতে নেমে অজিরা শুক্রবার দ্বিতীয় দিন ২৯৫ রান তুলে অলআউট হয়। অতিথি দল এগিয়ে মাত্র ১২ রানে। আজ শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়।

 

ইংলিশরা তাদের বাজবল ব্র্যান্ডের ক্রিকেটে খেললেও এ দফায় বড় সংগ্রহ পায়নি। নিয়মিত উইকেট পতনের কারণে ৫৪.৪ ওভারে ২৮৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। হ্যারি ব্রুক সর্বোচ্চ ৮৫ রান করেন ৯১ রানের মোকাবেলায়। এছাড়া বেন ডাকেট ৪১, ক্রিস ওকস ৩৬ ও মঈন আলী ৩৪ রান করেন। মিচেল স্টার্ক চারটি এবং জস হ্যাজেলউড ও টম মার্ফি দুটি করে উইকেট নেন।

 

ইংলিশদের মতো অজিদেরও কেউ বড় ইনিংস পাননি। সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের লড়াকু ৭১ রানের ইনিংসে ভর করে ২৯৫ রানের সংগ্রহ পায় অতিথিরা। এছাড়া উসমান খাজা ৪৭, প্যাট কামিন্স ৩৬ ও মার্ফি ৩৪ রান করেন। ওকস তিনটি এবং স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জো রুট দুটি করে উইকেট নেন।

 

ইংলিশদের তুলনায় বেশ সাবধানী ছিল অজিরা। তারা ১০৩.১ ওভারে ২৯৫ রান তুলেছে। ওভারপ্রতি রান ২.৮৫। আর ইংলিশরা ওভারপ্রতি রান নিয়েছে ৫.১৭।