আর্চারিতে গতকাল দিনটি ছিল বাংলাদেশের। দিনের শুরুতে এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ান রিকার্ভ মিক্সড ইভেন্টে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। এর কয়েক ঘণ্টা পর দলগত ইভেন্টের ফাইনালেও ভারতকে হারায় তারা।
থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি ৫-৩ সেট পয়েন্টে হারায় ভারতের রিধি ও সালেঙ্কে জুটিকে। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত রোমান ও নাসরিন চমকই দেখান। জিতে নেন এ টুর্নামেন্টে দেশের হয়ে প্রথম পদক।
এরপর মেয়েদের দলীয় ইভেন্টে ভারতের পুনিয়া, রিধি ও তানিশাকে ৫-৪ সেট পয়েন্টে হারান বাংলাদেশের দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফাহমিদা সুলতানা নিশা। মিশ্র ইভেন্টে জয় কিছুটা সহজ হলেও দলীয় ইভেন্টে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয় বাংলাদেশের প্রতিযোগীদের।
প্রথম সেটে ৪৭-৪৮ পয়েন্টে জিতে যায় ভারত। বাংলাদেশ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ ৬০-৫৬ পয়েন্টে জিতে এগিয়ে যায়। চতুর্থ সেটে আবার ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায়। এরপর টাইব্রেকে বাংলাদেশ পঞ্চম সেট ২৮-২৭ পয়েন্টে জিতে সোনার পদক অর্জন করে।
গতকাল রিকার্ভ ইভেন্টে স্বদেশী দিয়া সিদ্দিকীকে হারিয়ে স্বর্ণ জিতেছেন নাসরিন আক্তার।










