বিপিএলে শুক্রবারের ফাইনাল সামনে রেখে নিউজিল্যান্ডের কৃতী অলরাউন্ডার জেমস নিশামকে আনল ফরচুন বরিশাল। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

নিশামকে কার জায়গায় খেলাবে চ্যাম্পিয়নরা? প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে বরিশালের একাদশে ছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও পাকিস্তানের মোহাম্মদ আলী। এদের মধ্যে চারজনই আবার একাদশে জায়গা ধরে রাখার যোগ্যতা রাখেন। আলী তো অভিষেকেই ৫ উইকেট নিয়ে বরিশালকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। মালান ৮ ম্যাচে করেছেন ৩১৫ রান। মায়ার্স বরিশালের নিয়মিত ক্রিকেটার। প্রথম কোয়ালিফায়ারে ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে ৫ ইনিংসে করেছেন ১৬৩ রান।

আফগান তারকা নবী অবশ্য খুব ভালো ফর্মে নেই। হয়তো তার জায়গায়ই খেলানো হবে নিশামকে। ১০ ম্যাচে মাত্র ৬৩ রান করা নবী উইকেট নিয়েছেন ৮টি।

৩৪ বছর বয়সী নিশাম এর আগেও বিপিএলে খেলেছেন। গত মৌসুমে তিনি খেলেন রংপুর রাইডার্সের হয়ে। রংপুরের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে সাত ইনিংসে ২৯১ রান করেন ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার। বল হাতে নিতে পারেন চার উইকেট।

জিমি নিশাম এবার বিপিএলের শুরুতে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে খেলার কারণে। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। তার দলের বিদায় নিশ্চিত হওয়ায় বিপিএল খেলতে এসেছেন।

বুধবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। এই ম্যাচের বিজয়ী শুক্রবারের ফাইনালে বরিশালের বিপক্ষে খেলবে।