রোববার শেষ হওয়া নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে নিউজিল্যান্ড। একদিন পর আজ সোমবার বিশ্বকাপের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট বিশ্বকাপ স্কোয়াডেরও অধিনায়কের সম্মান পেয়েছেন। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার তাজমিন ব্রিটস ও স্পিনার এনকুলুলেকো মালাবা, নিউজিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার অ্যামেলিয়া কের ও মিডিয়াম পেসার রোজমেরি মায়ের, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডেন্ড্রা ডট্টিন ও ব্যাটার এফি ফ্লেচার, ভারতের অধিনায়ক ও ব্যাটার হারমানপ্রিত কাউর, অস্ট্রেলিয়ার পেস বোলার মেগান শুট, ইংল্যান্ডের ব্যাটার ড্যানি উইয়াট-হজ ও বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা। দ্বাদশ খেলোয়াড় নিউজিল্যান্ডের স্পিনার ইডেন কারসন।
নিগারের নেতৃত্বে এবার বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। টাইগ্রেসরা ২০১৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জয় পেয়েছে। তারা প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায়। যদিও পরে আর কোনো জয় না পাওয়ায় সেমিফাইনালের আগেই বিদায় নেয়।
এবার ইতিহাস গড়ে ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিকা কের। ব্যাটিংয়ে সর্বোচ্চ ২২৩ রান করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।










