নারী ক্রিকেট দলকে নিয়ে যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এখন থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো একই পরিমাণ ম্যাচ ফি পাবেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা দেশটির নারী ক্রিকেটাররা। যদিও নিয়মটি আপাতত আন্তর্জাতিক ম্যাচের জন্য চালু করেছে বিসিসিআই।

বৃহস্পতিবার নারী ক্রিকেটারদের এ সুখবর দেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি বলেন, বৈষম্য দূরীকরণে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি। আমাদের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের জন্য আমরা সমান পারিশ্রমিক নীতি গ্রহণ করছি। নারী ও পুরুষ ক্রিকেটাররা এখন থেকে সমান ম্যাচ ফি পাবেন, যেহেতু আমরা ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার এক নতুন যুগে প্রবেশ করতে চলেছি।

সংস্করণভেদে ক্রিকেটারদের ম্যাচ ফির বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন জয় শাহ। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভারতীয় নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের মতোই প্রতি টেস্টে ১৫ লাখ ভারতীয় রুপি, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-২০তে ৩ লাখ ভারতীয় রুপি ম্যাচ ফি পাবেন। এ ঘোষণার আগে ভারতীয় নারী ক্রিকেটাররা ওয়ানডে বা টি২০-তে ম্যাচ প্রতি ১ লাখ রুপি ও টেস্ট ম্যাচে ৪ লাখ রুপি ফি পেতেন।

যদিও নারী ক্রিকেটারদের বার্ষিক বেতনে পরিবর্তন আনেনি বিসিসিআই। বর্তমানে চুক্তিতে থাকা সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পান ৫০ লাখ, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির নারী ক্রিকেটাররা পান যথাক্রমে ৩০ লাখ ও ১০ লাখ রুপি করে। অন্যদিকে, পুরুষ ক্রিকেটাররা চারটি ক্যাটাগরিতে বেতন পান। এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটারের বার্ষিক আয় ৭ কোটি রুপি। এ-গ্রেডে ৫ কোটি, বি-গ্রেডে ৩ কোটি এবং সি-গ্রেডের পুরুষ ক্রিকেটারের বেতন ১ কোটি রুপি।

ক্রিকেট-ফুটবলসহ প্রায় সব ধরনের স্পোর্টস ইভেন্টে নারীরা অনেক কম বেতন পান। গত জুলাইয়ে নারী-পুরুষ বেতন বৈষম্যের এ কালিমা মুছে দেয়ার উদ্যোগ প্রথম নেয় নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পাঁচ বছরের জন্য একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী, দেশটির নারী ও পুরুষ ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ ও দেশটির স্বীকৃত ঘরোয়া ম্যাচের জন্য সমান ম্যাচ ফি প্রাপ্য হন। তাদের এ উদ্যোগ নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য তো বটেই, বিশ্ব ক্রীড়াঙ্গনে আয়বৈষম্য দূর করার ক্ষেত্রেও ছিল এক যুগোপযোগী সিদ্ধান্ত।

জুলাইয়েই নিউজিল্যান্ডের পথ অনুসরণ করে বাংলাদেশ। বিসিবি জাতীয় নারী ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বৃদ্ধি করে। নতুন চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পান ৬০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা পান। বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। আগে টি২০-তে ম্যাচ প্রতি ৭৫ ডলার করে পেতেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বর্তমানে প্রতিটি টি২০ ম্যাচের জন্য খেলোয়াড়দের প্রত্যেকে পাচ্ছেন ১৫০ ডলার। আগে প্রতিটি ওয়ানডে খেলার জন্য সালমারা ১০০ ডলার করে পেতেন, এখন পাচ্ছেন ৩০০ ডলার করে। নারী-পুরুষ বেতনবৈষম্য নিরসনের বৈশ্বিক স্রোতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও প্রশংসনীয় এ উদ্যোগ নিল।