সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার বিকালে বিসিবির এক ভিডিওবার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন।

সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, ‘টিকিট বিক্রি থেকে এবার আমরা অবিশ্বাস্য সাফল্য পেয়েছি টিকিটের একটা অংশ অনলাইনে দিয়েছি বলে। যদিও পুরোপুরি অনলাইনে যেতে পারিনি। একটু তুলনা করলে আপনি পরিষ্কার ধারণা পাবেন। আগের সব এডিশন (১০টি) মিলে টিকিট বিক্রি থেকে বিসিবি আয় করেছে ১৫ কোটি টাকার মতো, এবার এক আসরেই আমরা তার কাছাকাছি চলে গেছি।’

তিনি আরো বলেন, ‘টিকিট বিক্রির স্বত্ব বিক্রি করে আরো ৩ কোটি টাকা পাচ্ছি আমরা তিন বছরের জন্য। এখান থেকে যদি এক কোটি যোগ করেন তাহলে আমাদের আসছে সোয়া ১৩ কোটি টাকার মতো। এটা বিরাট এক মাইলফলক এবং উত্তরোত্তর আমরা হয়তো এ ব্যাপারে এগিয়ে যাব।’

রাজস্ব বন্টন নিয়ে তিনি বলেন, ‘বিপিএলের সাত ফ্র্যাঞ্জাইজির দাবি ছিল আয়ের ভাগ যেন তাদেরও দেয়া হয়। মোট রাজস্বের বন্টন কীভাবে হবে তা এখনো ঠিক হয়নি, তবে টিকিট বিক্রির অর্থ থেকে ভালো একটা অঙ্ক আমরা সাতটি ফ্র্যাঞ্চাইজিকে দেয়ার চেষ্টা করব।’

ফারুক আহমেদ বলেন, ‘টিকিট বিক্রিতে ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এছাড়া বিসিবির সকল পরিচালককে এবং টিকেটিং পার্টনার মধুমতি ব্যাংককে। এই ব্যাংকটি ছুটির দিনেও নিরলসভাবে টিকিট বিক্রি করেছেন।’

এবারের আসর নিয়ে অত্যন্ত আনন্দিত বিসিবি সভাপতি বলেন, ‘এবার আমরা তৃতীয় ও চতুর্থ পুরস্কারও দিয়েছি। যারা তৃতীয় হয়েছে তারা ৬০ লাখ টাকা বাড়তি পেয়েছে। যারা চতুর্থ হয়েছে তারা বাড়তি ৪০ লাখ টাকা পেয়েছে। প্রাইজমানি প্রায় ৭০ শতাংশ বাড়িয়েছি আমরা।’

faruk

ব্যর্থতা মেনে নিয়ে তিনি বলে, ‘নতুন সিস্টেম চালু করায় শুরুর দিকে টিকিটিং নিয়ে একটু ঝামেলা হয়। আবার দু-একটি ফ্র্যাঞ্চাইজি টাকা-পয়সা দিতেও ঝামেলা করেছে। এসব মেনে নিয়েই আমি বলছি, দর্শক, টিকিট বিক্রি, উইকেট, টিভি ব্রডকাস্ট, সবকিছু মিলিয়ে সফল আমরা। আগামী বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। নতুন উইন্ডো বের করার চেষ্টা করছি।’

আজ সাবেক অধিনায়কদের ডেকেছিলেন ফারুক আহমেদ। এ নিয়ে তিনি বলেন, ‘সাবেক অধিনায়কদের সঙ্গে আজ বসেছিলাম। তারা মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো মেনে নিয়ে আমরা আগামীতে যাতে কাজে লাগাতে পারি, সেই চেষ্টা করব। সবার কাছে চাওয়া, আপনারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন। একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট (আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি) খেলতে গেছে বাংলাদেশ টিম। আমরা বাংলাদেশ টিমের সঙ্গে থাকব। সব সময় সাপোর্ট করতে হবে।’