একঝাঁক তারকা ফুটবলারকে দলে টানার পাশাপাশি পুরনো কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। কিন্তু আর্থিক সংকটে থাকা কাতালানদের এ খেলোয়াড়দের নিবন্ধন করতে হিমশিম খেতে হয়েছে। প্রথমে তারা দুই দফায় লা লিগা টিভিস্বত্বের ২৫ শতাংশ বিক্রি করে ২৫ বছরের জন্য। ৩০ কোটি ইউরোয় পুরোটাই কিনে নেয়া মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিট। এরপর সোসিয়োস ডটকমের কাছে ১০ কোটি ইউরোয় বার্সা স্টুডিওর ২৪.৫ শতাংশ বিক্রি করা হয়। এতেও পুরোপুরি কাজ হয়নি বার্সার। পরে ১০ কোটি ইউরোয় স্টুডিওর আরো ২৪.৫ শতাংশ নিউইয়র্কের আরফাস মিডিয়ার কাছে বিক্রি করে দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি।
কিন্তু ইউরোপের গণমাধ্যম দিয়ারি আরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের কোম্পানি কসমসের মাধ্যমে বার্সা স্টুডিওতে বিনিয়োগ করতে চেয়েছিলেন ক্লাবটির ফুটবলার জেরার্ড পিকে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অন্য প্রস্তাবগুলোর ভিড়ে প্রত্যাখ্যান করে পিকের প্রস্তাব। এতে নাকি চরম হতাশ হয়ে পড়েন এ ডিফেন্ডার।
যদিও এমন খবর প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। কাতালান ক্লাব এক বিবৃতিতে বলেছে, পিকে বা তার কোম্পানির কাছ থেকে বার্সা স্টুডিওর অংশ কেনার প্রস্তাবের যে খবর প্রকাশ করেছে দিয়ারি আরায়, তা ভিত্তিহীন।
ক্লাব আরো জানায়, দুঃখজনক, এই ভিত্তিহীন খবরের বিস্তার বার্সেলোনার খেলোয়াড়দের অবস্থান এবং সম্মানকে প্রভাবিত করতে পারে।
বার্সা স্টুডিও হলো ক্লাবের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবসা। ক্লাবটি মনে করে, সোসিয়োস ও অরফিয়াস মিডিয়ার সঙ্গে অংশীদারত্ব ডিজিটাল, এনএফটি ও ওয়েব.৩ স্ট্র্যাটেজি বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।
এদিকে পিকে তার কোম্পানি কসমসের মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোয় খেলাধুলায় প্রচুর বিনিয়োগ করেছে। তিনি স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আন্দোরার মালিক এবং সম্প্র্রতি ডেভিস কাপ টেনিস প্রতিযোগিতার পুনর্গঠন করেছেন।










