নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এর আগে বুধবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে শুভসূচনা করে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল শেষ করেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছে বাংলাদেশ দল। টাইগাররা সর্বশেষ ওয়ানডে খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওয়ানডে না খেলার ঘাটতি ওয়ার্মআপ ম্যাচে ফুটে ওঠে। সোমবার পাকিস্তান শাহিনসের কাছে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এটাকে কোনো সমস্যা হিসেবে দেখতে চাইছেন না। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ফরম্যাটটা (ওয়ানডে) অনেক দিন ধরে খেলেছি। সম্প্রতি বিপিএল হলেও সেখানে আমাদের ব্যাটসম্যানরা অনেক রান করেছে। সেটা তাদের এই টুর্নামেন্টেও আত্মবিশ্বাস দেবে।’
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১-এ উড়িয়ে দেয় রোহিত শর্মার দল। তারকাখচিত এই দলটি মুখোমুখিতেও অনেক অনেক এগিয়ে। এখন পর্যন্ত ৪১টি ওয়ানডের মধ্যে ৩২টি জিতেছে ভারত, বাংলাদেশ জিতেছে ৮টিতে।
শান্ত অবশ্য গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০তে টেস্ট সিরিজ জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি আমরা রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি। আমরা জানি সেখানে উইকেট কেমন হতে পারে। ক্রিকেটার হিসেবে আমরা জানি, কোথায় কীভাবে মানিয়ে নিয়ে খেলতে হবে। মনে হয় না কঠিন হবে খুব একটা।’










