আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিতেই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে স্বাগতিক পাকিস্তান। নিউজিল্যান্ড উভয় দলকে হারিয়েছে, আর প্রোটিয়ারা টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় করাচিতে ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচে কিউইদের কাছে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। যদিও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। রিজওয়ান ও আগা সালমান সেঞ্চুরি করে জিতিয়েছেন পাকিস্তানকে। ওই জয়টি আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় স্বাগতিক দলকে।

কিউইরা সবচেয়ে ধারাবাহিক হলেও প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচের জয় নিশ্চিতভাবেই জাগিয়ে তুলবে রিজওয়ান, বাবরদের। ফাইনাল তাই জমে ওঠার দাবি রাখে।

বোলিং নিয়ে অবশ্য চিন্তায় থাকতে হচ্ছে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ ৬ ওভারে ৯৮ রান হজম করে পাকিস্তানের বোলাররা। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ৬ ওভারে তারা খরচ করে ৮৭ রান। শেষ দিকে রান নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে না পেলে নিউজিল্যান্ডকে আটকানো কঠিনই হবে তাদের জন্য।

১৯ ফেব্রুয়ারি এই দুটি দলের লড়াই দিয়েই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার পরদিন দুবাইয়ে মুখোমুখি হবে এই গ্রুপের অপর দুই দল ভারত ও বাংলাদেশ।