আন্তর্জাতিক ফুটবলে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নের লড়াইকে বলা হয় ‘দ্য ফিনালিসিমা’। ক্লাব পর্যায়েও এমন ফিনালিসিমা হয়ে গেল! গতকাল সকালে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে ইউরোপসেরা দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে হারিয়ে দিল লাতিন চ্যাম্পিয়ন ব্রাজিলের বোটাফোগো। এর আগে বৃহস্পতিবার রাতে লিওনেল মেসির ইন্টার মায়ামি ২-১ গোলে হারিয়ে দিয়েছে পর্তুগালের এফসি পোর্তোকে। ওই ম্যাচে গোল করেছেন মেসি।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে পিএসজি। ফরাসি জায়ান্টরা পরের ম্যাচেই হোঁচট খেল। তাদের হারিয়েছে বর্তমান কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন বোটাফোগো। ইগর জেসুসের একমাত্র গোলে পিএসজিকে হারায় ব্রাজিলের দলটি। এটা তাদের দ্বিতীয় জয়। ইউরোপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই প্রথম হারাল লাতিনের কোনো দল।