অ্যাশেজের মতোই এখন উত্তাপ ছড়ায় অস্ট্রেলিয়া ও ভারতের যেকোনো ক্রিকেট লড়াই। গত বছর আহমেদাবাদে উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছিল অজিরা। সেই লড়াইয়ে কেঁপেছে ক্রিকেট বিশ্ব। এবার দুই দেশের মধ্যকার পাঁচ টেস্টের ‘বর্ডার-গাভাস্কার’ সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। প্রথমেই পার্থের পেসবান্ধব উইকেটে লড়বে বিশ্বের অন্যতম সেরা দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে।

সর্বশেষ চারটি বর্ডার-গাভাস্কার ট্রফিই জিতেছে ভারত। ২০২৩ সালে ভারতের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফি ২-১-এ জিতেছে ভারত। ২০২০ সালের ডিসেম্বর ও ২০১১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে এসে চার টেস্টের সিরিজ ২-১-এ জিতে নেয় ভারতীয়রা। তাদের এই আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ এবার।

এখন পর্যন্ত ১০৭ টেস্টের লড়াইয়ে অস্ট্রেলিয়া ৪৫টি ও ভারত ৩২টি জিতেছে, ড্র হয়েছে ২৯টি ম্যাচ। ভারত কম জিতলেও সর্বশেষ ১০টি সিরিজের মধ্যে সাতটি জিতে নিয়েছে।

এদিকে, সব কিছু ঠিক থাকলে পার্থে নতুন বলে জুটি বাধবেন দুই গতি বোলার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। দারুণ এক কীর্তির সামনে দুজন। নতুন বলে অস্ট্রেলিয়ার প্রথম জুটি হিসেবে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে তাদের প্রয়োজন আর মাত্র দুটি উইকেট।

এখানকার চিরাচরিত পেসবান্ধব উইকেটের কথা বিবেচনা করে তিন পেসার খেলাবে অজিরা। স্টার্ক ও হ্যাজেলউডের সঙ্গে অ্যাক্রমণে থাকবেন অধিনায়ক প্যাট কামিন্স। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন নাথান লায়ন।

পার্থ স্টেডিয়ামে টেস্টে দারুণ রেকর্ড অস্ট্রেলিয়ার। ‘ওয়াকা’র জায়গা নেয়া এই স্টেডিয়ামে ২০১৮ সালে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়, যাতে ভারতকে হারায় স্বাগতিকরা। এরপর তারা হারায় নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও গত বছর পাকিস্তানকে। শুক্রবার তারাই ফেভারিট হিসেবে নামছে।

কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে আধিপত্য করে চললেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতা আছে শুধু স্টিভ স্মিথ, স্টার্ক, হ্যাজেলউড ও লায়নের। এ নিয়ে কামিন্স বলেন, ‘সম্ভাব্য সব চ্যালেঞ্জই আমরা মোকাবেলা করেছি। এই দলটিতে অর্ধেকেরও কমের বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে। এটা আমাদের সর্বশেষ চ্যালেঞ্জ। আমরা জানি ভারত বিশ্বের অন্যতম সেরা দল। আমরা সিরিজটা নিয়ে শিহরিত।’

এদিকে, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় পার্থ টেস্টে খেলা হবে না ভারতের অধিনায়ক রোহিত শর্মার। আর কৃতী ব্যাটার শুভমন গিল চোটে পড়ায় পার্থে খেলবেন না।

ভারত বড় এক পরাজয়ের ক্ষত নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০তে হোয়াইটওয়াশ হয় রোহিত শর্মার দল। এই মানসিক ট্রমার পর সংকট বাড়িয়েছেন রোহিত ও শুভমন।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জশপ্রীত বুমরাহ বলেছেন, ‘আমরা ভারত থেকে কোনো খারাপ স্মৃতি বয়ে আনিনি। গত সিরিজটা আমাদের কঠিন কেটেছে ঠিক, তবে এবার ভিন্ন দলের সঙ্গে ভিন্ন চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। দলের সবাই আত্মবিশ্বাসী।’