বিশ্বকাপে আজ পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে জিততে শেষ ১৮ বলে ৪৯ রানের প্রয়োজন ছিল আফগানিস্তানের। কিন্তু ‘যোদ্ধা’ জাতি হিসেবে খ্যাত আফগানরা শেষ বল পর্যন্ত লড়ে গিয়েছে। বিশেষ করে বললে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লিগের তারকা রশিদ খানের বীরোচিত ব্যাটিং কাঁপিয়ে দেয় অস্টেলিয়াকে। শেষ পর্যন্ত লড়ে মাত্র ৪ রানে হেরেছে আফগানিস্তান।

 

অবশ্য এই জয়ের পরও অজিদের মুখে হাসি নেই। দুই দলের খেলোয়াড়রাই গোমড়া মুখে মাঠ ছাড়েন। আফগানিস্তান টুর্নামেন্টে জয়হীন, দুটি ম্যাচ তাদের বৃষ্টিতে ভেসে গিয়েছে। শেষ ম্যাচে আশা জাগিয়েও শেষ পর্যন্ত তারা হেরে গেল। আর এই জয়ের পরও অস্ট্রেলিয়া সেমিফাইনাল অনিশ্চিত। আগামীকাল শ্রীলংকাকে হারালে ইংল্যান্ড পাবে গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দ্বিতীয় টিকিট। আজ প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছে নিউজিল্যান্ড।

 

আগে ব্যাটিং করে গ্লেন ম্যাক্সওয়েলের হাফসেঞ্চুরিতে (৩২ বলে ৫৪*) ভর করে ৮ উইকেটে ১৬৮ রান তোলে অ্যারন ফিঞ্চবিহীন অস্ট্রেলিয়া। এছাড়া মিচেল মার্শ ৩০ বলে ৪৫, ডেভিড ওয়ার্নার ১৮ বলে ২৫ ও মার্কাস স্টয়নিস ২১ বলে ২৫ রান করেন। নবীন উল হক তিনটি ও ফজলহক ফারুকি দুটি উইকেট নেন।

 

জবাব দিতে নেমে রশিদ খানের বিস্ফোরক ইনিংসের পরও ৭ উইকেটে ১৬৪ রান তুলতে পেরেছে আফগানিস্তান। ২৩ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া গুলবাদিন নায়েব ২৩ বলে ৩৯, রহমানউল্লাহ গুরবাজ ১৭ বলে ৩০ ও ইব্রাহিম জাদরান ৩৩ বলে ২৬ রান করেন। অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড দুটি করে উইকেট নেন।