ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন নারীদের টেনিসে দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রোমানিয়ার সিমোনা হালেপ। এ অপরাধে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়কে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। রুশ সুপারস্টার মারিয়া শারাপোভার পর নারী টেনিসে আরেক শীর্ষ খেলোয়াড় ডোপিংয়ে পজিটিভ হলেন।
আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ) শুক্রবার এক বিবৃতিতে জানায়, ডোপ পরীক্ষায় ৩১ বছর বয়সী হালেপের শরীরে নিষিদ্ধ উপাদান রোক্সাডাস্টাট পাওয়া গিয়েছে।
২০১৮ সালের ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন হালেপ টুইটারে লিখেছেন, এ নিষেধাজ্ঞা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। জেনেশুনে কোনো নিষিদ্ধ উপাদান গ্রহণ করেননি বলেও দাবি করেছেন তিনি। ৩১ বছর বয়সী খেলোয়াড় বলেন, আমাকে জানানো হয়েছে, আমি খুব কম পরিমাণে রোক্সাডাস্টাট নামক উপাদানের জন্য পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমার পুরো ক্যারিয়ারে একবারের জন্যও প্রতারণা করার কথা মাথায় আসেনি, কারণ আমাকে যে মূল্যবোধের শিক্ষা দেয়া হয়েছে, এটি পুরোপুরি তার বিপরীত। এমন একটি অশোভনীয় পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি সম্পূর্ণ বিভ্রান্ত ও প্রতারিত বোধ করছি।
উল্লেখ্য, ২০১৬ সালে মারিয়া শারাপোভা ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন।










